যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কায়ও আলোচনার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত
০৯:৪৯ পিএম | ০৯ এপ্রিল, ২০২৬
লেবাননে দখলদার ইসরায়েলের অব্যাহত হামলার কারণে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কায় পড়েছে। তা সত্ত্বেও ইরানিদের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে মার্কিনিরা।
কাল শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে উচ্চ পর্যায়ের বৈঠকটি হওয়ার কথা আছে।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্র সংবাদমাধ্যম সিএনএনকে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন।
সূত্রগুলো বলেছেন, ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে চুক্তি আরও কার্যকর করতে চায়। ফলে তাদের আলোচনা থেকে বের হয়ে যাওয়ার খুব বেশি সম্ভাবনা নেই।
পাকিস্তানে মার্কিনিদের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তিনি পাকিস্তানে যাওয়ার আগে হাঙ্গেরি থেকে ওয়াশিংটনে এসেছেন। এখন পাকিস্তানের দিকে রওনা দেবেন।
লেবাননে দখলদাররা হামলা অব্যাহত রাখায় ইরান যুদ্ধবিরতির চুক্তি থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিয়েছে। তবে জেডি ভান্স বলেছেন, যুদ্ধবিরতির চুক্তির ‘সামান্য ভুল বোঝাবুঝি’ থেকে লেবানন নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। যেটির কারণে আলোচনা ভেস্তে যাওয়া উচিত হবে না।
কিন্তু ইরান যদি আলোচনায় না বসে তাহলে এটি তাদের ইচ্ছা বলে মন্তব্য করেন ভান্স।
ইসরায়েলের কারণে যে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা ভেস্তে যেতে পারে সে ব্যাপারে মিসর ও পাকিস্তান সতর্ক করেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফের সঙ্গে বৃহস্পতিবার সকালে কথা বলেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি লেবাননে ইসরায়েলের আগ্রাসনের ব্যাপারে সতর্কতা দেন।
সূত্র: সিএনএন
এমআর/টিকে