বর্ষবরণের আয়োজনে ব্যস্ত সময় পার করছেন বিপাশা হায়াত
ছবি: সংগৃহীত
০৭:৫৪ এএম | ১০ এপ্রিল, ২০২৬
আর মাত্র কয়েকদিন পরেই নতুন বাংলা সনের প্রথম দিন পহেলা বৈশাখ। বাঙালির এ প্রাণের উৎসবকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী বিপাশা হায়াত।
নববর্ষ বরণের আয়োজনে অংশ নেয়ার অনুভূতি বলতে গিয়ে বিপাশা জানান, বৈশাখ এলেই চারুকলা অনুষদে মন চলে যায়। দৈহিকভাবে যেখানেই তিনি থাকুন না কেন তার মন থাকে চারুকলাতেই।
একজন চারুকলা অনুষদের ছাত্রী হিসেবে অভিনেত্রী বলেন, সেশন জটের কারণে মাস্টার্সসহ আমাদের ১২ বছর ধরে এখানে পড়তে হয়েছে। চারুকলা আসলে আমাদের জীবনের অংশ। আমি মনে করি, আমি এখনও চারুকলার শিক্ষার্থী।
বিপাশা আরও বলেন, আমরা যেমন আমাদের জন্মদিন উদ্যাপন করি, বিশেষ দিন উদ্যাপন করি, তেমনি চারুকলার বৈশাখের প্রস্তুতিও আমাদের কাছে জীবনের গভীর অংশ হয়ে গেছে। চারুকলার সব ছাত্র-ছাত্রীরই বৈশাখ আসলে মন থাকে চারুকলাতেই।

সবশেষে অভিনেত্রী বলেন, নববর্ষ উদ্যাপনের মধ্য দিয়ে আমরা সবার মঙ্গল কামনা করি, দেশের মঙ্গল প্রার্থনা করি। নতুন নববর্ষ সবার জীবনে সুখবার্তা নিয়ে আসুক, এটাই আমাদের প্রত্যাশা।
আগামী ১৪ এপ্রিল বাংলা সন ১৪৩৩-কে বরণ করে নেবে বাঙালি। বাংলা নববর্ষ উদ্যাপনে নানা আয়োজনের মধ্যে অন্যতম দেশীয় সংস্কৃতির ঐতিহ্যবাহী আনন্দ মিছিল মঙ্গল শোভাযাত্রা। দিনটিতে অনাকাঙিক্ষত ঘটনা এড়াতে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ঘোষণা দিয়েছে সরকার।
প্রসঙ্গত, বর্তমানে নাটক, সিনেমা থেকে দূরে থাকলেও চিত্রকলার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত আছেন বিপাশা হায়াত। আন্তর্জাতিক অঙ্গনে চিত্রকলায় একাধিক গুরুত্বপূর্ণ অর্জন রয়েছে তার।
কেএন/এসএন