© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টেলিভিশন জগতের প্রভাবশালী প্রযোজকের বিরুদ্ধে অভিনেত্রীকে হেনস্তার অভিযোগ

শেয়ার করুন:
টেলিভিশন জগতের প্রভাবশালী প্রযোজকের বিরুদ্ধে অভিনেত্রীকে হেনস্তার অভিযোগ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৫ পিএম | ১০ এপ্রিল, ২০২৬
অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির মৃত্যুর পর যখন ওপার বাংলার টলিপাড়া উত্তাল, ঠিক সেই মুহূর্তেই সামনে এল এক চাঞ্চল্যকর অভিযোগ। এবার বাংলা টেলিভিশন জগতের প্রভাবশালী প্রযোজক ও ‘টেন্ট সিনেমা’র কর্ণধার সুশান্ত দাসের বিরুদ্ধে যৌন হেনস্তা ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন অভিনেত্রী সুকন্যা দত্ত গুহ। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই নয়, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ‘ন্যাশনাল কমিশন ফর উইমেন’-এর দ্বারস্থ হয়েছেন এই অভিনেত্রী।

সুকন্যার অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে কয়েক বছর আগের ঘটনা। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, গত আট বছর ধরে তাকে এবং তার পরিবারকে বিভিন্নভাবে মানসিক ও শারীরিক হেনস্তা করে আসছেন সুশান্ত দাস।

ঘটনার সূত্রপাত জনপ্রিয় ধারাবাহিক ‘দীপ জ্বেলে যাই’-এর সেটে। সুকন্যা বলেন, ‘সুশান্ত দাস আমাকে কুপ্রস্তাব দিয়েছিলেন। বলেছিলেন, আমি যদি রাজি না হই তবে আমার দৃশ্যটি রাখা হবে না। আমি রাজি হইনি বলে শেষ পর্যন্ত সত্যিই আমার সিনটি বাদ দিয়ে শুধু একটি পাসিং শট রাখা হয়েছিল। আর সেখান থেকেই শুরু হয় আমার ওপর অনাচার।’



এখানেই শেষ নয়, সুকন্যার দাবি- তার বাবাকে ভালো কাজের সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখাতেন ওই প্রযোজক। মফস্বলের মেয়ে হওয়ায় এবং ক্যারিয়ার নষ্ট হওয়ার ভয়ে এতদিন চুপ ছিলেন তিনি। সুকন্যা জানান, তার স্বামী সাহস জোগানোয় এবং নিজের চার মাসের সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই তিনি আজ সরব হয়েছেন।

এদিকে, নিজের বিরুদ্ধে ওঠা এমন গুরুতর অভিযোগ দেখে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন প্রযোজক সুশান্ত দাস। তিনি বলেন, ‘আমি সোশ্যাল মিডিয়ায় পোস্টটি দেখেছি। সুকন্যা ২০১৯ সালে আমার একটি ধারাবাহিকে কাজ করেছিল। এত বছর পর হঠাৎ কেন এমন অভিযোগ তোলা হলো, তা ভেবে আমি অবাক হচ্ছি।’

এসকে/এসএন

মন্তব্য করুন