অভিনয় ছেড়ে এবার রাজনীতিতে আসছেন বর্ষা
ছবি: সংগৃহীত
০৩:৫১ পিএম | ১০ এপ্রিল, ২০২৬
অভিনয় থেকে বিরতির পর এবার রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ করেছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁর স্বামী ও চিত্রনায়ক অনন্ত জলিল এই তথ্য জানান।
অনন্ত জলিল বলেন, ‘বর্ষা দীর্ঘদিন ধরেই নিঃশব্দে সাধারণ মানুষের সেবা করে আসছেন। জনগণের সেবা করার লক্ষ্যেই তাকে নেত্রী হিসেবে দেখতে চাই। তার কথায়, বর্ষা স্কুল ব্যাগে টাকা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা, সকাল থেকে বিকেল পর্যন্ত দাঁড়িয়ে থেকে নিজ হাতে মানুষের মাঝে বিতরণ করে। তার মনে প্রবল দেশসেবা করার ইচ্ছা আছে।
রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে অনন্ত জলিল জানান, সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে আগে যুক্ত না থাকলেও, দেশসেবা করতে গেলে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রয়োজন হয়। এসময় তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ-এর কথাও উল্লেখ করেন।

তিনি বলেন, ‘এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহর কথাগুলো দেখুন, তিনি একদম সরাসরি সত্য কথাগুলো বলেন। সবার সামনে স্পষ্ট করে বলেন যে, কেউ চাঁদা তুলতে পারবে না, অন্যায় করতে পারবে না। সৎ পথে থেকেও তো নেতৃত্ব দেওয়া যায়!’
অনন্ত জলিলের মতে, সৎভাবে কাজ করলে জনগণ কখনো কাউকে প্রত্যাখ্যান করে না। তাঁর বিশ্বাস, সততা থাকলে মানুষের সমর্থন পাওয়া সম্ভব। তিনি বলেন, ‘কেউ যদি সৎ থাকে আমার মনে হয় না জনগণ তাকে দেশ থেকে তাড়িয়ে দেবে। আমি যদি সৎ মানুষ হই, তবে আমাকে কেন তাড়াবে? এটাই হলো আমার মূল বক্তব্য।’
এর আগেও আফিয়া নুসরাত বর্ষা মানুষের কল্যাণে কাজ করার আগ্রহ দেখিয়েছেন। এবার সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হওয়ার পরিকল্পনা করছেন এই তারকা দম্পতি।
এবি/টিএ