‘ধুরন্ধর ২’-এর প্রোপাগান্ডা বিতর্কে মুখ খুললেন ভাঙ্গা
ছবি: সংগৃহীত
০৪:০৫ পিএম | ১০ এপ্রিল, ২০২৬
বিতর্ক যেন শুরু থেকেই সঙ্গী। সেই ধারাবাহিকতা বজায় রেখেই মুক্তির পর ফের তীব্র আলোচনায় ‘ধুরন্ধর ২’। ছবিটি ঘিরে যখন ‘প্রচারমুখী’ তকমা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে, ঠিক তখনই অপ্রত্যাশিতভাবে ছবির পাশে দাঁড়িয়ে সরব হলেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা।
এক সময় যার সঙ্গে প্রকাশ্য বিরোধে জড়িয়েছিলেন দীপিকা পাড়ুকোন, সেই অধ্যায় এখনও পুরোপুরি মুছে যায়নি। কাজের সময়সূচি নিয়ে মতবিরোধ থেকে শুরু করে ব্যক্তিগত মন্তব্য সব মিলিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল ভাঙ্গা-দীপিকা দ্বন্দ্ব। সেই প্রেক্ষাপটে দীপিকার স্বামী রণবীর সিং অভিনীত ছবির প্রশংসায় ভাঙ্গার সরব হওয়া নতুন করে কৌতূহল তৈরি করেছে।

গত ১৯ মার্চ মুক্তির পর থেকেই ধুরন্ধর ২-কে ঘিরে বিতর্ক তুঙ্গে। অনেকেই ছবিটিকে নির্দিষ্ট রাজনৈতিক ভাবধারার প্রচার বলে আখ্যা দিচ্ছেন। সমালোচনার সূত্রপাত সামাজিক মাধ্যমে, এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে বৃহত্তর পরিসরে। বিভিন্ন মহল থেকে ছবির বিরুদ্ধে সহিংসতা প্রচারের অভিযোগও উঠেছে। এই পরিস্থিতিতেই সরাসরি পালটা জবাব দেন ভাঙ্গা।
সামাজিক মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি জানান, অতীতেও বহু নির্মাতা ও শিল্পী নিজেদের কাজের মাধ্যমে নির্দিষ্ট মতাদর্শ তুলে ধরেছেন, কিন্তু তখন শিল্পজগত নীরব ছিল। এখন একই বিষয়কে কেন্দ্র করে একপাক্ষিক সমালোচনা কেন সেই প্রশ্ন তোলেন তিনি। তাঁর কথায়, সত্যকে ইচ্ছাকৃতভাবে ‘প্রচার’ বলে দাগিয়ে দেওয়ার প্রবণতা সময়ের অদ্ভুত বাস্তবতা।
শুধু সমালোচনার জবাবেই থামেননি ভাঙ্গা। সরাসরি ছবির প্রশংসা করে তিনি জানান, সম্প্রতি ছবিটি দেখে তাঁর কাছে তা অসাধারণ লেগেছে। একই সঙ্গে আদিত্য ধর ও রণবীরের কাজের ভূয়সী প্রশংসা করেন তিনি। তাঁর মতে, সমালোচনার এই ঝড় সহজে থামবে না, বরং আরও শক্তভাবে এর মোকাবিলা করতে হবে।
ভাঙ্গার এই মন্তব্যের জবাবও এসেছে দ্রুত। কৃতজ্ঞতা জানিয়ে আদিত্য ধর বলেন, নিজের অবস্থানে অটল থাকার সাহস এবং প্রয়োজনমতো জবাব দেওয়ার মানসিকতা তিনি ভীষণভাবে সম্মান করেন। এই দৃঢ়তাই অন্যদেরও নিজের বিশ্বাসে অটল থাকতে অনুপ্রাণিত করে বলেও উল্লেখ করেন তিনি।
সব মিলিয়ে ‘ধুরন্ধর ২’ এখন আর শুধু একটি সিনেমা নয়, বরং মতাদর্শ, অবস্থান এবং শিল্পের স্বাধীনতা নিয়ে বিস্তৃত বিতর্কের কেন্দ্রে পরিণত হয়েছে। আর সেই বিতর্কেই নতুন মাত্রা যোগ করলেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা।
পিআর/টিকে