© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানি সিনেমার জাদু, মানবিক গল্পে বিশ্বজয়

শেয়ার করুন:
ইরানি সিনেমার জাদু, মানবিক গল্পে বিশ্বজয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩১ পিএম | ১০ এপ্রিল, ২০২৬
গভীর মানবিক অনুভূতি আর শক্তিশালী সামাজিক বার্তার মিশেলে বিশ্ব চলচ্চিত্রে আলাদা পরিচিতি গড়ে তুলেছে ইরানি সিনেমা। পারিবারিক আবেগের সূক্ষ্ম গল্প থেকে সমাজের বাস্তবতার তীক্ষ্ণ প্রতিচ্ছবি-সবকিছুই অনন্য দক্ষতায় তুলে ধরেন সেখানকার নির্মাতারা। বহুদিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে দর্শক ও সমালোচকদের মন জয় করে আসছে এই ধারার চলচ্চিত্র। আর এখন ওটিটি প্ল্যাটফর্মের কল্যাণে সহজেই ঘরে বসে দেখা যাচ্ছে এসব সিনেমা। সম্প্রতি আলোচনায় থাকা তেমনই কিছু ইরানি সিনেমা পাওয়া যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে । যেমন;

আ সেপারেশন, আসগর ফরহাদি

চলচ্চিত্রটি নেটফ্লিক্সে দেখা যাচ্ছে। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে অভিনয় করেছেন লেইলা হাতামি, পেইমান মোয়াদি, শাহাব হোসেইনি, সারে বায়াত এবং সারিনা ফারহাদি। কিংবদন্তী নির্মাতা আসগর ফরহাদি পরিচালিত এই চলচ্চিত্রে এক মধ্যবিত্ত পরিবারের গল্প তুলে ধরা হয়েছে, যেখানে বাবা-মায়ের বিচ্ছেদের সিদ্ধান্ত তাদের কিশোরী মেয়ের জীবনে গভীর প্রভাব ফেলে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন বাবা তার আলঝেইমার আক্রান্ত পিতার দেখাশোনার জন্য নিম্নবিত্ত পরিবারের এক নারীকে নিয়োগ দেন। একটি সাধারণ ব্যবস্থা ধীরে ধীরে ভুল বোঝাবুঝি ও দ্বন্দ্বে রূপ নেয়।

লি স্পাইডার, আলী আব্বাসি

এটিও নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত এই ক্রাইম থ্রিলারটি পরিচালনা করেছেন আলী আব্বাসি। এতে অভিনয় করেছেন মেহদি বাজেস্তানি ও জার আমির এব্রাহিমি। এটি সাঈদ হানায়ি নামের এক সিরিয়াল কিলারের বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত, যিনি ২০০০ থেকে ২০০১ সালের মধ্যে অন্তত ১৬ জন যৌনকর্মীকে হত্যা করেছিলেন। চলচ্চিত্রটিতে এক নারী সাংবাদিকের তদন্ত এবং তার সংগ্রামের কাহিনি তুলে ধরা হয়েছে।



চিলড্রেন অব হেভেন, মাজিদ মাজিদি

ইরানের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মাজিদ মাজিদির পরিচালনায় এই সিনেমাটি দেখা যাচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। ১৯৯৭ সালের এই ফ্যামিলি ড্রামা বিশ্বব্যাপী দর্শকের হৃদয় নাড়িয়ে দিয়েছিলো। একটি হারিয়ে যাওয়া জুতাকে কেন্দ্র করে ভাই-বোনের ছোট্ট জীবনের গল্প এই চলচ্চিত্রের মূল বিষয়। এতে অভিনয় করেছেন আমির ফাররুখ হাশেমিয়ান, বাহারে সেদ্দিকি এবং মোহাম্মদ আমির নাজি। ১৯৯৮ সালে এটি সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়।

আন্ডার দ্য শ্যাডো, বাবাক আনোয়ারি

এটি নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত এই হরর চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বাবাক আনভেরি। ১৯৮০-এর দশকের তেহরানে যুদ্ধকালীন সময়ে এক মা ও মেয়ের জীবনে রহস্যময় অশুভ শক্তির উপস্থিতি নিয়ে গল্পটি গড়ে উঠেছে।

ট্যাক্সি, জাফর পানাহি

ছবিটি প্রাইম ভিডিওতে পাওয়া যাচ্ছে। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ইরানের আরেক বিখ্যাত নির্মাতা জাফর পানাহি। এটি ৬৫তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং সেরা চলচ্চিত্র হিসেবে গোল্ডেন বেয়ার পুরস্কার অর্জন করে। একটি ট্যাক্সিচালকের দৃষ্টিকোণ থেকে যাত্রীদের গল্প ও কথোপকথনের মাধ্যমে সমাজের নানা দিক তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে। 

এসএ/টিকে

মন্তব্য করুন