২ কোটি ৬৫ হাজারের সোনার গয়নার মালিক কোয়েল মল্লিক!
ছবি: সংগৃহীত
০৬:৩৩ পিএম | ১০ এপ্রিল, ২০২৬
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও বর্তমান সময়ে আলোচিত রাজনৈতিক মুখ কোয়েল মল্লিক-কে ঘিরে ফের সামনে এল তাঁর সম্পদের চমকপ্রদ হিসাব। সাম্প্রতিক হলফনামায় প্রকাশ পাওয়া তথ্য অনুযায়ী, সোনা, শেয়ার বাজারে বিনিয়োগ এবং ব্যাংক ব্যালেন্স মিলিয়ে নায়িকার মোট সম্পত্তির পরিমাণ পৌঁছেছে কয়েক কোটি টাকায়।
হলফনামা অনুযায়ী, কোয়েল মল্লিকের কাছে রয়েছে ১ কেজিরও বেশি সোনা, যার বর্তমান বাজারমূল্য আনুমানিক দুই কোটি পঁয়ষট্টি লক্ষ টাকার কাছাকাছি। পাশাপাশি তাঁর সংগ্রহে রয়েছে একটি বিলাসবহুল রোলেক্স ঘড়ি, যার দামও লক্ষাধিক টাকার ঘরে।
শুধু সোনা নয়, বিনিয়োগের দিক থেকেও সমানভাবে শক্তিশালী কোয়েল মল্লিক। শেয়ার বাজার ও মিউচুয়াল ফান্ডে তাঁর বিপুল পরিমাণ বিনিয়োগ রয়েছে বলে জানা গেছে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে তাঁর জমা অর্থ এবং শেয়ার মিলিয়ে মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ষোলো কোটি টাকারও বেশি বলে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, তাঁর স্বামী ও প্রযোজক নিসপাল সিং রানে সম্পদের দিক থেকে আরও এগিয়ে আছেন বলে হলফনামায় দাবি করা হয়েছে। তাঁর শেয়ার, প্রযোজনা সংস্থার অংশীদারিত্ব এবং স্থাবর সম্পত্তি মিলিয়ে মোট সম্পদের পরিমাণ আরও বেশি।
তবে চমকপ্রদ বিষয় হলো, বিপুল সম্পত্তি থাকা সত্ত্বেও কোয়েল মল্লিকের নামে কোনো নিজস্ব গাড়ি বা স্থাবর সম্পত্তির মালিকানা নেই বলে নথিতে উল্লেখ করা হয়েছে। বর্তমানে তিনি যে আবাসনে থাকেন, সেটিও তাঁর নামে নয়।
সব মিলিয়ে, অভিনয়ের পাশাপাশি আর্থিক ক্ষেত্রেও শক্ত অবস্থানে রয়েছেন কোয়েল মল্লিক ও তাঁর পরিবার। হলফনামার এই তথ্য প্রকাশ্যে আসতেই আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী।
পিআর/টিকে