‘রাকা’ ছবিতে দীপিকার তিন গুণ পারিশ্রমিক আল্লু অর্জুনের!
ছবি: সংগৃহীত
০৭:০৫ পিএম | ১০ এপ্রিল, ২০২৬
দক্ষিণী ও বলিউড তারকাদের সমন্বয়ে তৈরি আসন্ন বড় বাজেটের ছবি ঘিরে আবারও চর্চা তুঙ্গে। ৭০০ কোটি টাকার বিশাল নির্মাণ ব্যয়ের এই সিনেমা ‘রাকা’ নিয়ে দর্শকের কৌতূহল যেমন বাড়ছে, তেমনি বাড়ছে তারকাদের পারিশ্রমিক নিয়েও আলোচনা।
ছবিতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আল্লু অর্জুন। জানা গেছে, একাধিক চরিত্রে অভিনয় করছেন তিনি। একজন পুলিশ, পুলিশের ভাই এবং সেই দুই চরিত্রের বাবার ভূমিকাতেও তাঁকেই দেখা যাবে। এই বহুমাত্রিক অভিনয়ের জন্য তিনি পাচ্ছেন প্রায় ১৭৫ কোটি টাকা পারিশ্রমিক, যা ভারতীয় চলচ্চিত্র জগতে অন্যতম সর্বোচ্চ বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, বলিউড তারকা দীপিকা পাড়ুকোন এই ছবিতে অভিনয়ের জন্য পাচ্ছেন প্রায় ২৫ কোটি টাকা। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে পারিশ্রমিকের অনুপাত, কারণ আল্লু অর্জুনের পারিশ্রমিক তাঁর প্রায় তিন গুণেরও বেশি।
আরেক জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা এই ছবির জন্য পাচ্ছেন প্রায় ৫ কোটি টাকা। তুলনামূলকভাবে কম হলেও এই ছবিতে তাঁর উপস্থিতিও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ছবির প্রথম ঝলক ইতিমধ্যেই দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আল্লু অর্জুনের ভয়ঙ্কর লুক, ঘন কাজল, লোমশ হাত এবং নখের বিশেষ রূপ দেখে অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে তীব্র কৌতূহল।
পরিচালক অ্যাটলি কুমার পরিচালিত এই ছবির শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে। পরবর্তী অংশের শুটিং মুম্বাইয়ে হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর ছবিটি মুক্তি পেতে পারে বলে জানা গেছে।
তবে সবচেয়ে বেশি আলোচনায় এখন তারকাদের পারিশ্রমিক। একদিকে আল্লু অর্জুনের বিশাল অঙ্কের পারিশ্রমিক, অন্যদিকে দীপিকা ও রাশমিকার তুলনামূলক কম পারিশ্রমিক সব মিলিয়ে ‘রাকা’ এখন বিনোদন দুনিয়ার অন্যতম আলোচিত প্রকল্প।
পিআর/টিকে