হঠাৎ আলোচনায় বাংলাদেশি সিরিজ
ছবি: সংগৃহীত
০৮:১৩ পিএম | ১০ এপ্রিল, ২০২৬
প্রায় ঊনিশ বছর আগে ময়মনসিংহের কাশর এলাকায় একই পরিবারের ৯ জন ট্রেনের নিচে কাটা পড়ে আত্মহত্যার ঘটনায় দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়েছিল। আদম পরিবারের সেই মর্মান্তিক ঘটনার কথা শুনলে এখনো মানুষের গায়ে কাঁটা দিয়ে উঠে।
সেই ঘটনার ছায়া অবলম্বনে দুই বছর আগে ভিকি জাহেদ নির্মাণ করেছিলেন ওয়েব সিরিজ ‘চক্র’। সিরিজটি মুক্তির পর দর্শকরা বুঝেছিলেন এটি সাধারণ কোনো হরর বা থ্রিলার নয়। সেসময় সিরিজটি দারুণ সাড়া ফেলে। তারই ধারাবাহিতায় আসে এর দ্বিতীয় সিজন।
কিছুদিন আগে উন্মুক্ত হওয়া ‘চক্র ২’ সেই আলোচনার পারদকে আরও উঁচুতে নিয়ে গেছে। কেবল একটি ওয়েব সিরিজ নয়, আধুনিক মনস্তত্ত্ব আর ডার্ক ফ্যান্টাসির মিশেলে এটি যেন এখন সিরিজ দর্শকদদের কাছে তুমুল চর্চায়।
শুধু আলোচনা-ই নয়, মুক্তির মাত্র সাত দিনেই দ্বিতীয় সিজনটি দ্বিগুণ আয় করে ফেলেছে, সেইসঙ্গে রেকর্ড ব্রেকিং সাবস্ক্রিপশনের পাশাপাশি এবং এটি এখন আইস্ক্রিনের সবচেয়ে বেশি ভিউ পাওয়া সিরিজ।
দর্শকদের প্রতিক্রিয়া অনুযায়ী, সিরিজটির সবচেয়ে বড় শক্তি এর প্রেক্ষাপট। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হওয়ার ফলে দর্শকদের মনে সবসময় একটি খটকা কাজ করে ‘কতটুকু সত্যি আর কতটুকু কল্পনা?’ চিত্রনাট্যকার ও পরিচালক এই ধোঁয়াশাটিকে খুব নিপুণভাবে ব্যবহার করেছেন। বাস্তব জীবনের ট্র্যাজেডিকে যখন ফিকশনে রূপান্তর করা হয়, তখন তা দর্শকদের অবচেতন মনে গভীর প্রভাব ফেলে।
কারও মতে, সিরিজটি কেবল অতিলৌকিক ভয় দেখায় না, বরং মানুষের মনের গহীন কোণে লুকিয়ে থাকা অপরাধবোধ এবং ট্রমাকে সামনে আনে। ‘চক্র ২’- বিশ্লেষণ করলে দেখা যায়, এখানে ভৌতিকের চেয়েও মানুষের অতীত বা কর্মফল বেশি ভীতি জাগানিয়া। মানসিকভাবে বিপর্যস্ত একটি পরিবারের চিত্র এখানে খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে।
গল্প, নির্মাণ সবকিছু ছাপিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ‘প্রফেসর ড. হুমায়ূন’ চরিত্রটি নিয়ে। এই চরিত্রে তৌসিফ মাহবুবের অভিনয় দর্শকদের চমকে দিয়েছে।
তার লুক, ট্রান্সফরমেশন এবং মানসিকভাবে ভেঙে পড়া একটি চরিত্রকে যেভাবে ফুটিয়ে তুলেছেন, তা প্রশংসিত হচ্ছে সর্বত্র। কেউ কেউ বলছেন, ‘এত ভয়ংকর অভিনয় কিভাবে করলেন তৌসিফ?’
সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ড. হুমায়ূন’ চরিত্রটি নিয়ে তৈরি হচ্ছে নানা রসিক ছবি, মিমস এবং কার্টুন—যা সিরিজটির আলোচনা আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তৌসিফ মাহবুবের মতে, আট থেকে আশি, প্রত্যেকটা দর্শকের সঙ্গে কানেক্ট করার চরিত্র এবং ঘটনা রয়েছে, যেগুলো সবাই নিজেদের সঙ্গে রিলেট করতে পারছে।
তিনি বললেন, অনেকেই এটাকে হরর, থ্রিলার ভেবে দেখা শুরু করেছেন। হরর, থ্রিলার উপাদানগুলো তো আছেই, পাশাপাশি নিজেদের সঙ্গে রিলেট করার মতো অনেকগুলো ঘটনা পাচ্ছেন। এখানে অনেকগুলো চরিত্র আছে তরুণ থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, সেই চরিত্র এবং ঘটনাগুলো যখন নিজেদের সঙ্গে মিলে যাচ্ছে তখনই তারা সেটা নিয়ে কথা বলছেন। আমার কাছে এটা মনে হয়।
ভিকি জাহেদ পরিচালিত ৮ পর্বের ‘চক্র ২’-এ তৌসিফ মাহবুব ছাড়া আরো অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, মৌসুমী মৌ, মেঘলা মুক্তা, শাহেদ আলী, নাদের খান, আরেফিন জিলানি, শাওন প্রমুখ।
এসএ/টিকে