© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নতুন আইনি জটে রণবীর সিং, ক্ষমা নিয়ে প্রশ্ন

শেয়ার করুন:
নতুন আইনি জটে রণবীর সিং, ক্ষমা নিয়ে প্রশ্ন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৩ পিএম | ১০ এপ্রিল, ২০২৬
বিতর্ক যেন পিছু ছাড়ছে না বলিউড অভিনেতা রণবীর সিং-এর। সাম্প্রতিক সময়ে ‘কান্তারা’ সংক্রান্ত মন্তব্য ঘিরে নতুন করে আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন এই তারকা।

ঘটনার সূত্রপাত এক পুরস্কার বিতরণী মঞ্চ থেকে, যেখানে কন্নড় সংস্কৃতি ও দেবী চামুণ্ডাকে ঘিরে তাঁর একটি মন্তব্য ও অঙ্গভঙ্গি ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়। বিষয়টি নিয়ে অভিযোগ ওঠে, তিনি কন্নড়ভাষী মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। এই অভিযোগে বেঙ্গালুরুতে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

পরিস্থিতি জটিল হওয়ায় বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। কর্নাটক হাই কোর্টে হাজির হয়ে রণবীর জানান, তাঁর উদ্দেশ্য কোনোভাবেই ধর্মীয় অনুভূতিতে আঘাত করা ছিল না। বরং পরিচালক ঋষভ শেট্টি-এর অভিনয়ের প্রশংসা করতেই তিনি সেই অঙ্গভঙ্গি করেছিলেন বলে দাবি করেন।



আদালত তখন তাঁকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেয় এবং তারকাদের সামাজিক দায়িত্ব নিয়ে কড়া মন্তব্য করে। এরপর রণবীর ক্ষমা প্রার্থনা করে একটি হলফনামাও জমা দেন বলে জানা যায়, যেখানে তিনি বলেন, তাঁর মন্তব্যের কারণে যদি কারও অনুভূতিতে আঘাত লেগে থাকে, তবে তিনি দুঃখিত।

তবে এখানেই শেষ হয়নি বিতর্ক। অভিযোগকারী প্রশান্ত মেথালের দাবি, রণবীরের সেই ক্ষমা প্রার্থনা যথেষ্ট আন্তরিক ছিল না, বরং সেখানে আত্মপক্ষ সমর্থনের প্রবণতা বেশি ছিল। তাঁর অভিযোগ, ক্ষমা চাওয়ার মধ্যে প্রকৃত অনুশোচনার অভাব রয়েছে, যা নতুন করে প্রশ্ন তুলেছে বিষয়টি নিয়ে।

অন্যদিকে অভিনেতার পক্ষের আইনজীবী আদালতে জানান, তিনি ইতিমধ্যেই অনুশোচনা প্রকাশ করেছেন এবং প্রয়োজনে সংশোধিত হলফনামা দিতেও প্রস্তুত আছেন রণবীর। এমনকি ভবিষ্যতে তিনি মন্দিরে গিয়ে প্রার্থনাও করতে চান বলে উল্লেখ করা হয়।

সব মিলিয়ে ‘কান্তারা’ সংক্রান্ত মন্তব্য ঘিরে শুরু হওয়া এই বিতর্ক এখনও থামার কোনো লক্ষণ নেই। আদালতের পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে ২৩ এপ্রিল, যেখানে এই মামলার ভবিষ্যৎ দিক নির্ধারিত হতে পারে।

পিআর/টিকে

মন্তব্য করুন