© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ওয়াদা ভঙ্গের সংসদে পরিণত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ : নাহিদ ইসলাম

শেয়ার করুন:
ওয়াদা ভঙ্গের সংসদে পরিণত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ : নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৬ এএম | ১১ এপ্রিল, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ একটি ওয়াদা ভঙ্গের সংসদে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিলে সবার ঐকমত্য ছিল। কিন্তু আমাদের কাউকে না জানিয়ে আধা ঘণ্টা আগে সংশোধনী এনে এই বিল উত্থাপন করা হয়। এক ধরনের ছলচাতুরির মাধ্যমে এটি পাস করানো হয়েছে এবং ভুল অপব্যাখ্যা দেওয়া হয়েছে। সেই প্রতিবাদে বিরোধীদলীয় নেতার নেতৃত্বে আমরা আজকে ওয়াকআউট করেছি।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে জাতীয় সংসদের অধিবেশন শেষে সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

নাহিদ ইসলাম বলেন, বিরোধীদলীয় নেতার নেতৃত্বে আজকের সংসদ অধিবেশন থেকে আমরা ওয়াকআউট করেছি। আজকের অধিবেশনে আমরা সম্পূর্ণ সময় উপস্থিত থাকার অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত থাকতে পারিনি।

তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদ থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের অনেক জাতীয় গুরুত্বপূর্ণ অধ্যাদেশকে বিলে পরিণত করা হয়েছে। অনেকগুলো বিষয়ে সরকার ওয়াদা ভঙ্গ করেছে।

তিনি আরও বলেন, আজকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিলটি আইনে পরিণত করার ক্ষেত্রে ওয়াদা ভঙ্গ হয়েছে। আমাদের কথা ছিল বিশেষ কমিটিতে ৯৮টি অধ্যাদেশ সম্পর্কে আমরা সবাই ঐকমত্য পোষণ করব। একটি সমঝোতা হয়েছিল যে, এই বিলগুলো নিয়ে আমরা কেউই আপত্তি তুলব না; এখানে আমরা সবাই ঐক্যবদ্ধ। তবে কয়েকটিতে আমাদের ‘নোট অব ডিসেন্ট’ ছিল এবং সেগুলো আলোচনায় আসার কথা ছিল। বিশেষ কমিটিতে এমনটিই সিদ্ধান্ত হয়েছিল। এমনকি কার্যউপদেষ্টা কমিটিতে স্পিকারের সভাপতিত্বেও সেই সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু আমরা দেখতে পেলাম আধা ঘণ্টা আগে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিলটিতে একটি সংশোধনী আনা হয়। কাউকে না জানিয়ে এক ধরনের ছলচাতুরির মাধ্যমে এটি পাস করানো হয়েছে।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, অনেকগুলো গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ল্যাপস (তামাদি) হয়ে যাচ্ছে এবং সেগুলো আলোচনারও কোনো সুযোগ রাখা হয়নি। কথা ছিল আজ রাত ১২টা পর্যন্ত হলেও আলোচনার সুযোগ দেওয়া হবে। ফলে আমাদের সংসদ একটি ওয়াদা ভঙ্গের সংসদে পরিণত হয়েছে। সেই প্রতিবাদেই আমরা ওয়াকআউট করেছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ জামায়াত ও বিরোধী জোটের শীর্ষস্থানীয় সংসদ সদস্যরা।


ইউটি/টিএ

মন্তব্য করুন