ভক্তদের হতাশা, পিছিয়ে গেল ‘গুডাচারি টু’
ছবি: সংগৃহীত
০৫:৪৯ এএম | ১১ এপ্রিল, ২০২৬
দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার চলচ্চিত্র ‘গুডাচারি টু’ নিয়ে বাড়তে থাকা কৌতূহ্যের মাঝেই নতুন তথ্য জানিয়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেতা অদিভি শেশ। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, বহুল প্রতীক্ষিত এই গুপ্তচরধর্মী চলচ্চিত্রটি শিগগিরই মুক্তি পাচ্ছে না। বর্তমানে পরিকল্পনা অনুযায়ী ২০২৬ সালের শেষের দিকেই এটি মুক্তির সম্ভাবনা রয়েছে।
এর আগে ধারণা করা হচ্ছিল, ‘ডাকায়িত’ চলচ্চিত্রের পরপরই ‘গুডাচারি টু’ মুক্তি পেতে পারে। তবে সময়সূচিতে পরিবর্তনের কারণ হিসেবে শেশ জানিয়েছেন, নির্মাণকাজে বিলম্ব এবং তার পায়ের চোট বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ওই চোটের কারণে তাকে প্রায় তিন মাস শুটিং থেকে দূরে থাকতে হয়েছে, যা পুরো কাজের গতি কমিয়ে দেয়।
এই খবরে ভক্তদের মধ্যে কিছুটা হতাশা তৈরি হলেও শেশের কাজের ধরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তিনি বরাবরই নিজের চলচ্চিত্রে চিত্রনাট্য, গল্প ও নির্মাণের খুঁটিনাটি বিষয়ে সরাসরি যুক্ত থাকেন, যাতে মানের কোনো ঘাটতি না থাকে। তবে এই পদ্ধতির কারণে সময় বেশি লাগে বলেও স্বীকার করেছেন তিনি। বিলম্ব নিয়ে সমালোচনা প্রসঙ্গে শেশ বলেন, নিজের হাতে সবকিছু সামলানোর কারণেই কাজের গতি কমে যায়।
এদিকে তিনি আরও জানিয়েছেন, ‘ডাকায়িত’ ও ‘গুডাচারি টু’ শেষ করার পর আসন্ন দুটি চলচ্চিত্রে তিনি চিত্রনাট্য লেখার দায়িত্ব থেকে সরে থাকবেন। এতে করে কাজ দ্রুত শেষ করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি। আপাতত ‘গুডাচারি টু’ নিয়ে অপেক্ষা আরও দীর্ঘ হলেও দর্শকদের প্রত্যাশা কমেনি, বরং তা আরও বেড়েছে।
ইউটি/টিএ