অক্ষয় কোনো দিন আমার বা প্রিয়াঙ্কার সুবিধা নেওয়ার চেষ্টা করেনি: লারা দত্ত
ছবি: সংগৃহীত
০৯:৩৭ এএম | ১১ এপ্রিল, ২০২৬
বলিউডে ক্ষমতার অপব্যবহার আর নবাগতদের সুযোগ নেওয়ার অভিযোগ নতুন নয়। বরং বছরের পর বছর ধরে এমন নানা গল্পই ঘুরে বেড়িয়েছে ইন্ডাস্ট্রিজুড়ে। তবে সেই প্রচলিত ধারণার সম্পূর্ণ বিপরীত এক অভিজ্ঞতার কথা সামনে আনলেন অভিনেত্রী লারা দত্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন, ক্যারিয়ারের শুরুর সময়ে অক্ষয় কুমার কখনও তাঁর বা প্রিয়াঙ্কা চোপড়ার নবাগত হওয়ার সুযোগ নেননি, বরং বড় ভাইয়ের মতো পাশে দাঁড়িয়েছিলেন।
লারা দত্তের কথায়, ইন্ডাস্ট্রিতে যখন তিনি ও প্রিয়াঙ্কা নিজেদের জায়গা তৈরি করার লড়াইয়ে ব্যস্ত, তখন অক্ষয় কুমার তাঁদের প্রতি সহানুভূতিশীল ও সহায়ক ছিলেন। তিনি বলেন, অক্ষয় তাঁদের কখনও কোনওভাবে বিব্রত করেননি, বরং কাজ শেখা এবং পরিবেশ বোঝার ক্ষেত্রে সাহায্য করেছিলেন। ‘আন্দাজ’ ও ‘মুজসে শাদি করোগি’ ছবির শুটিংয়ের সময় তাঁর এই আচরণ আরও স্পষ্টভাবে অনুভব করেছিলেন বলে জানান লারা।

এক সময় অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কা চোপড়ার সম্পর্ক নিয়ে বলিউডে নানা গুঞ্জন শোনা গিয়েছিল। সেই সূত্রে তাঁদের একসঙ্গে কাজ করা নিয়েও প্রশ্ন উঠেছিল। যদিও এসব বিষয়কে গুজব বলেই উড়িয়ে দেন অনেকেই। লারা দত্তের সাম্প্রতিক মন্তব্যও সেই পুরনো বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। তাঁর মতে, অক্ষয় সবসময়ই সহকর্মীদের প্রতি শ্রদ্ধাশীল এবং পেশাদার মনোভাব বজায় রেখেছেন।
২০০৩ সালে ‘আন্দাজ’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে লারা দত্ত ও প্রিয়াঙ্কা চোপড়ার। সেই সময় অক্ষয় কুমার ছিলেন প্রতিষ্ঠিত তারকা। লারার স্মৃতিচারণে উঠে এসেছে, সেই শুরুর দিনগুলোতে অক্ষয় শুধু সহ-অভিনেতা হিসেবেই নয়, বরং একজন পথপ্রদর্শক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
বর্তমানে তিন তারকার পথ আলাদা হলেও তাঁদের সেই শুরুর সময়ের সম্পর্ক এবং অভিজ্ঞতা আজও আলোচনায় উঠে আসে। বিশেষ করে লারা দত্তের এই মন্তব্য অক্ষয় কুমারের ব্যক্তিত্বের একটি সংবেদনশীল ও ইতিবাচক দিককে সামনে এনেছে, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলিউড মহলে।
পিআর/টিএ