শুটিংয়ে স্ক্রিপ্ট হাতে বিষণ্ণ প্রিয়াঙ্কা!
ছবি: সংগৃহীত
১১:৩৬ এএম | ১১ এপ্রিল, ২০২৬
শুটিং ফ্লোরে চিত্রনাট্য হাতে বিষণ্ণ মুখে প্রিয়াঙ্কা সরকার, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণের শোক কাটিয়ে ওঠার আগেই পেশাদার দায়িত্ব পালন করতে ফের ক্যামেরার সামনে ফিরলেন অভিনেত্রী। ব্যক্তিগত জীবনের গভীর যন্ত্রণা সত্ত্বেও কাজের প্রয়োজনে সিরিজের অসম্পূর্ণ অংশের শুটিংয়ে যোগ দেন তিনি।
জানা গেছে, বিক্রম চট্টোপাধ্যায় প্রযোজিত ‘তারকাটা’ সিরিজের শুটিংয়ের কিছু দৃশ্য এখনও বাকি ছিল। সেই কাজ শেষ করতেই এদিন ফ্লোরে উপস্থিত হন প্রিয়াঙ্কা। চলতি মাসের শেষের দিকেই তাঁর শুটিং শুরু হওয়ার কথা থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে নির্ধারিত সময়ের আগেই কাজে ফিরতে হয় তাঁকে।
রাহুলের মৃত্যুর পর থেকেই প্রিয়াঙ্কার মানসিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা। শুটিং সেট থেকে প্রকাশ্যে আসা একটি ভিডিওতে তাঁকে চিত্রনাট্য হাতে নীরব ও বিষণ্ণ অবস্থায় দেখা যাওয়ার পর সামাজিক মাধ্যমে শুরু হয় নানা প্রতিক্রিয়া। অনেকেই তাঁর এই পেশাদার দায়িত্ববোধের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ তাঁর শোকপ্রকাশের ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন।

তবে নেটদুনিয়ার বড় একটি অংশ আবার অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছে। তাঁদের মতে, ব্যক্তিগত শোকের মধ্যেও কাজের প্রতি তাঁর দায়বদ্ধতা প্রশংসনীয়। কেউ কেউ আবার মনে করছেন, কাজের মধ্যে থাকাই এই কঠিন সময় সামলানোর একটি উপায় হতে পারে।
এদিকে গত কয়েক দিনে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে ঘিরে নানা তদন্ত ও আলোচনা চললেও, প্রিয়াঙ্কা সরকার একদিকে যেমন পরিবারের পাশে দাঁড়িয়েছেন, অন্যদিকে সন্তান সহজকে আগলে রেখে নিজেও পরিস্থিতির সঙ্গে লড়াই করছেন।
সব মিলিয়ে শুটিং ফ্লোরে তাঁর উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে যেখানে একদিকে ব্যক্তিগত শোক, অন্যদিকে পেশাদার দায়িত্ব, দুইয়ের টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠেছে।
পিআর/টিএ