© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বের তৃতীয় ধনী সংগীতশিল্পী পল ম্যাককার্টনি!

শেয়ার করুন:
বিশ্বের তৃতীয় ধনী সংগীতশিল্পী পল ম্যাককার্টনি!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৫ পিএম | ১০ নভেম্বর, ২০২৬
বিলিয়নিয়ারদের তালিকায় নাম লেখালেন ব্রিটিশ সংগীতশিল্পী পল ম্যাককার্টনি। ফোর্বসের হিসাবে, তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১৪০ কোটি ডলার।

এই সম্পদ নিয়ে বিশ্বের ধনী সংগীতশিল্পীদের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন বিটলসের সাবেক এই সদস্য। গত ৯ নভেম্বর ফোর্বসের নতুন নিউজলেটার ‘দ্য বিলি’ প্রকাশের সঙ্গে ম্যাককার্টনির সম্পদের এই হিসাব সামনে আসে। তার সংগীতের স্বত্ব, প্রকাশনা ব্যবসা, বিশ্বজুড়ে কনসার্ট, বিভিন্ন শিল্পকর্মের সংগ্রহ ও সম্পত্তি থেকে বড় অঙ্কের আয় আসে বলে জানিয়েছে সাময়িকীটি।

ফোর্বসের তালিকায় সংগীতশিল্পীদের মধ্যে প্রথম অবস্থানে রয়েছেন জে-জি। তার সম্পদের পরিমাণ ২৮০ কোটি ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা টেইলর সুইফটের সম্পদের পরিমাণ ২০০ কোটি ডলার। আর ১৪০ কোটি ডলার নিয়ে তৃতীয় স্থানে পল ম্যাককার্টনি।



ম্যাককার্টনির সম্পদের বড় অংশ এসেছে তার প্রকাশনা প্রতিষ্ঠান এমপিএল কমিউনিকেশনস থেকে। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান তার নিজের গানের পাশাপাশি বিভিন্ন শিল্পীর গানের স্বত্ব পরিচালনা করে। বাডি হলির গানের স্বত্ব, ব্রডওয়ে মিউজিক্যালের গান এবং জনপ্রিয় বড়দিনের গানগুলোর স্বত্বও তার সম্পদে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। ফোর্বসের হিসাবে, এসব স্বত্বের মূল্য প্রায় ২৫ কোটি ডলার।

বিটলসের চার সদস্যের একজন হিসেবে প্রতিষ্ঠানটির আয় থেকেও অংশ পান ম্যাককার্টনি। ব্যান্ডটির অ্যাপল কর্পস হোল্ডিং কোম্পানি স্ট্রিমিং, ভিনাইল রেকর্ড ও বিভিন্ন পণ্য বিক্রি থেকে বছরে প্রায় পাঁচ কোটি ডলার আয় করে।

ফোর্বসের হিসাব অনুযায়ী, এই আয়ের অংশ হিসেবে ম্যাককার্টনি ও অন্য সদস্যদের প্রত্যেকের জন্য ১৫ কোটি ডলারের বেশি সম্পদের মূল্য তৈরি হয়েছে।
এ ছাড়া বিটলসের গানের স্বত্ব থেকে নিজের অংশের ভিত্তিতে বছরে প্রায় এক কোটি ডলার আয় করেন ম্যাককার্টনি। গত দুই দশকে আইনি লড়াইয়ের মাধ্যমে এসব স্বত্বের অধিকার নিয়ে কাজ করেছেন তিনি। ফোর্বসের হিসাবে, এই আয়ের উৎসের মূল্য অন্তত ২০ কোটি ডলার।

সংগীতের স্বত্ব ও প্রকাশনা ব্যবসার পাশাপাশি বিশ্বজুড়ে কনসার্ট থেকেও বিপুল আয় করেছেন এই শিল্পী। ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত তার ‘গট ব্যাক’ বিশ্বভ্রমণ কনসার্টে মোট ৭৯টি শো অনুষ্ঠিত হয়। বিভিন্ন দেশে তার সম্পত্তি এবং ম্যাগ্রিত ও পিকাসোর মতো শিল্পীর আঁকা চিত্রকর্মের সংগ্রহও তাঁর মোট সম্পদের অংশ।

৮৪ বছর বয়সেও সংগীতের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন ম্যাককার্টনি। চলতি বছরের মে মাসে প্রকাশ করেছেন নিজের ২০তম একক অ্যালবাম ‘দ্য বয়েজ অব ডানজেন লেন’। এ ছাড়া বিটলস ছাড়ার পর তার জীবন এবং নিজের ব্যান্ড ‘উইংস’ গড়ে তোলার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ম্যান অন দ্য রান’ প্রামাণ্যচিত্র। এটি পরিচালনা করেছেন মরগান নেভিল।

এসএ/

মন্তব্য করুন