শিক্ষায় যত টাকা লাগে সরকার দেবে, শিঘ্রই প্রকল্প হাতে নেবো : শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত
০১:৩৯ পিএম | ১১ এপ্রিল, ২০২৬
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন শিক্ষায় যত টাকা লাগে, তা দেবে। কিন্তু আমি তো নিতে পারছি না। কত নেবো, কীভাবে নেবো, কোথায় খরচ করবো? আমাকে তো প্রকল্প হাতে নিতে হবে। যেখানে যেখানে সমস্যা, সেখানে কাজ করবো।
তা সমাধানে প্রকল্প হাতে নেবো। সেজন্য আমরা শিক্ষার্থীদের কথা শুনছি। শিক্ষার্থীরা কী চায়, সেটা জানার চেষ্টা করছি।
শনিবার (১১ এপ্রিল) সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সামনে পরীক্ষা। যদিও ভালোভাবে পড়াশোনা না করো, তাতে তুমিও ফেল, ছয়মাস পর আমিও ফেল। কারো বাঁচার উপায় নেই।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী তেমন কোনো বক্তব্য না দিয়ে শিক্ষার্থীদের সমস্যা ও সংকটের কথা শোনেন।
এসময় পলিটেকনিকের শিক্ষার্থীরা নানান অভিযোগর করে বলেন, প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস হয় না। নেই হাতে-কলমে শেখার যন্ত্রপাতি। ল্যাবের যন্ত্রপাতি সব পুরোনো। ফলে গুনগত শিক্ষার পরিবেশ বিনিষ্ট হচ্ছে। নানা সংকটের কারণে শিক্ষার্থীরা চাইলেও সঠিক শিক্ষা অর্জন করতে পারছে না।
শিক্ষার্থীদের সমস্যার কথা শুনে শিক্ষকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী। এসময় এক শিক্ষক জানান, ১৯৬৩ সালে নির্মিত ভবনে ক্লাস ও ল্যাবের কাজ চালাতে হচ্ছে। মেশিনারিজ বলতে কিছুই নেই। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয় পড়ানোর জন্য যেসব সুবিধা দরকার, তার কিছুই নেই। ফলে শিক্ষকরা চাইলেও শেখাতে পারেন না।
শিক্ষামন্ত্রীকে এক শিক্ষকরা জানান, পলিটেকনিকের ৪৪ শতাংশ শিক্ষার্থী ঝরে যাচ্ছে। এ ঝরে পড়া ঠেকাতে সরকারকে বড় ধরনের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি ৭ বছর ধরে চাকরি করলেও বেতন না পাওয়ার অভিযোগ করেন ১৯ জন শিক্ষক।
কেএন/টিএ