চিন্তা কমাতে কোন পথ অনুসরণ করেন অমিতাভ বচ্চন?
ছবি: সংগৃহীত
০১:৪৫ পিএম | ১১ এপ্রিল, ২০২৬
দীর্ঘ কর্মজীবনে অসংখ্য সাফল্য আর ব্যস্ততার মাঝেও মানসিক চাপ ও উদ্বেগকে কীভাবে সামলান, সেই অভিজ্ঞতার কথা এবার ভাগ করে নিলেন অমিতাভ বচ্চন। নিজের ব্যক্তিগত উপলব্ধি থেকে তিনি জানালেন, অযথা একসঙ্গে অনেক কাজের চিন্তা করাই মূলত উদ্বেগের বড় কারণ।
সম্প্রতি নিজের লেখায় তিনি তুলে ধরেছেন, প্রতিদিনই নতুন নতুন কাজ করার ইচ্ছা তৈরি হলেও সব কিছু একসঙ্গে বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই তিনি একটি নির্দিষ্ট নীতি মেনে চলেন এক সময়ে একটি কাজের উপরই সম্পূর্ণ মনোযোগ দেওয়া। তাঁর মতে, এই পদ্ধতি মেনে চললে মানসিক চাপ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়।

তবে এখানেই শেষ নয়। অভিনেতা স্বীকার করেছেন, অনেক সময় অসম্পূর্ণ কাজের চিন্তা মাথায় ঘুরতে থাকে, যা থেকে উদ্বেগ তৈরি হয়। কিন্তু সেই চাপকে নিয়ন্ত্রণে রাখতে তিনি সচেতনভাবে নিজেকে থামান এবং অপ্রয়োজনীয় দায়িত্ব নিজের কাঁধে চাপিয়ে দেন না।
এই অভিজ্ঞতার ভিত্তিতেই তাঁর পরামর্শ, সব কাজ একসঙ্গে করার চেষ্টা না করে ধাপে ধাপে এগোনোই সবচেয়ে কার্যকর উপায়। এতে যেমন কাজের গুণমান বজায় থাকে, তেমনি মানসিক সুস্থতাও রক্ষা পায়।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে কৌতুকশিল্পী সময় রায়না-র একটি মন্তব্যকে কেন্দ্র করে তাঁকে নিয়ে আলোচনা তৈরি হয়েছিল। যদিও অভিনেতা সরাসরি সে প্রসঙ্গে কিছু না বললেও, তাঁর এই বক্তব্যকে অনেকেই বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতেই দেখছেন।
সব মিলিয়ে, বহু বছরের অভিজ্ঞতা থেকে উঠে আসা অমিতাভ বচ্চনের এই সহজ টোটকা এক সময়ে একটি কাজ বর্তমান ব্যস্ত জীবনে মানসিক চাপ কমানোর ক্ষেত্রে কার্যকর দিশা দেখাচ্ছে বলেই মনে করছেন অনেকেই।
পিআর/টিএ