© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অভিনয়ে সাফল্যের পরে এবার কী রাজনীতির পথে রণবীর সিং?

শেয়ার করুন:
অভিনয়ে সাফল্যের পরে এবার কী রাজনীতির পথে রণবীর সিং?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৮ পিএম | ১১ এপ্রিল, ২০২৬
বক্স অফিসে সাফল্যের পর এবার কি নতুন পথে হাঁটতে চলেছেন রণবীর সিং? এমনই জল্পনা তৈরি হয়েছে তাঁর সাম্প্রতিক এক বৈঠককে ঘিরে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সদর দফতরে গিয়ে সঙ্ঘপ্রধান মোহন ভাগবত-এর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন অভিনেতা, যা ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে।

জানা গেছে, জামনগরে অনন্ত আম্বানির জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর মুম্বই ফিরে সরাসরি নাগপুরে পাড়ি দেন রণবীর। সেখানে রেশিমবাগে অবস্থিত সঙ্ঘের সদর দফতরে পৌঁছে প্রথমে প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ারের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তিনি। এরপরই সঙ্ঘের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন।



সূত্রের খবর, প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই বৈঠক। যদিও আলোচনার বিষয়বস্তু সম্পর্কে এখনও পর্যন্ত কোনও পক্ষই স্পষ্ট করে কিছু জানায়নি। তবে সময় ও প্রেক্ষাপটের কারণে এই সাক্ষাৎ ঘিরে নানা জল্পনা দানা বাঁধছে।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’ ছবিতে রণবীরের অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছে। ছবিটি বক্স অফিসেও বড় সাফল্য পেয়েছে। সেই আবহেই তাঁর এই রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতার সঙ্গে সাক্ষাৎ অনেকের নজর কেড়েছে।

বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এই সাক্ষাৎ শুধুমাত্র সৌজন্য বৈঠক নাও হতে পারে। আবার কেউ কেউ এটিকে সম্পূর্ণ ব্যক্তিগত বা সাংস্কৃতিক আগ্রহের অংশ হিসেবেও দেখছেন। ফলে অভিনেতার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কৌতূহল বাড়ছেই।

সব মিলিয়ে, বলিউডের সফল নায়ক রণবীর সিংহের এই পদক্ষেপ নতুন কোনও ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়েই এখন জোর আলোচনা চলছে বিনোদন ও রাজনৈতিক মহলে।


পিআর/টিএ

মন্তব্য করুন