নিরাপত্তার অজুহাতে দুর্নীতি মামলার শুনানি পেছানোর অনুরোধ নেতানিয়াহুর
ছবি: সংগৃহীত
০২:৫১ পিএম | ১১ এপ্রিল, ২০২৬
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ স্থগিত করার জন্য আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন।
‘নিরাপত্তাজনিত উদ্বেগের’ কথা উল্লেখ করে শুক্রবার (১০ এপ্রিল) আদালতে তার পক্ষে এই আবেদন দাখিল করেন এক আইনজীবী। আগামী রোববার (১২ এপ্রিল) নেতানিয়াহুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি মামলার শুনানি পুনরায় শুরু হওয়ার কথা ছিল।
গত বুধবার (৮ এপ্রিল) ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলে জারিকৃত জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়। এরপরই ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি মামলার শুনানির পথ খুলে যায়।
নেতানিয়াহুর আবেদনে বলা হয়, ‘নিরাপত্তা ও কূটনৈতিক কারণে প্রধানমন্ত্রী আগামী অন্তত দুই সপ্তাহ সাক্ষ্য দিতে পারবেন না।’ এতে আরও বলা হয়, গোপনীয় কারণগুলোর বিস্তারিত উল্লেখ করে একটি সিলমোহরযুক্ত খাম আদালতে জমা দেয়া হয়েছে। প্রসিকিউশন তাদের জবাব দেয়ার পর আদালত এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
এসকে/টিএ