ক্ষমতা হারানোর শঙ্কায় আইজেনকোটকে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব নেতানিয়াহুর
ছবি: সংগৃহীত
১১:৫৩ এএম | ২৯ নভেম্বর, ২০২৬
ক্ষমতা হারানোর আশঙ্কায় রাজনৈতিক প্রতিপক্ষ গাদি আইজেনকোটের সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রস্তাব অনুযায়ী, নতুন সরকার গঠিত হলে প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী হবেন আইজেনকোট। আর নেতানিয়াহু দায়িত্ব নেবেন বিকল্প প্রধানমন্ত্রীর। এ প্রস্তাবের মধ্য দিয়ে নিজের অবস্থান থেকে বড় ধরনের ছাড় দিয়েছেন তিনি। একই সঙ্গে নেতানিয়াহুকে বাদ দিয়ে নতুন সরকার গঠনের চেষ্টা করা দলগুলোর জোটে মতবিরোধ দেখা দিয়েছে।
নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, ‘গাদি আইজেনকোট প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। আর মেয়াদের শুরুতে আমি বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেব।’
জবাবে নেতানিয়াহু ও তার দল লিকুদকে সমঝোতায় পৌঁছানোর জন্য ২৪ ঘণ্টা সময় দিয়েছেন আইজেনকোট। সরাসরি আলোচনা শুরুর আমন্ত্রণও জানিয়েছেন তিনি। রোববার (২৯ নভেম্বর) দুই নেতার মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।
নেতানিয়াহুর প্রস্তাবকে সমর্থন জানাতে লিকুদের মন্ত্রী ও আইনপ্রণেতারা দ্রুত এগিয়ে এলেও আইজেনকোটের জোটে এ নিয়ে বিভক্তি দেখা দিয়েছে। জোটের নেতা নাফতালি বেনেট সতর্কতার সঙ্গে আলোচনা চালানোর পক্ষে। নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠনে তিনি জোটের অন্য নেতাদের তুলনায় বেশি আগ্রহী। তবে বেনেটের দলের দ্বিতীয় শীর্ষ নেতা ইয়ার লাপিদ এবং ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান প্রস্তাবটিকে কৌশল হিসেবে দেখছেন। তাদের আশঙ্কা, আইজেনকোটের নেতৃত্বাধীন পরিবর্তনপন্থি জোট যাতে নেতানিয়াহুকে ছাড়াই সরকার গঠন করতে না পারে, সে জন্যই এ প্রস্তাব দিয়েছেন লিকুদ নেতা।
গত মাসের অমীমাংসিত নির্বাচনের পর নেতানিয়াহুকে বাদ দিয়ে সরকার গঠনের পথে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন আইজেনকোট। এরই মধ্যে আভিগদর লিবারম্যানের ইসরায়েল বেইতেনু এবং ইয়ার গোলানের ডেমোক্র্যাটস পার্টির সঙ্গে জোট চুক্তি করেছেন তিনি। তবে বেনেটের বিয়াখাদ পার্টির সঙ্গে এখনো চুক্তি হয়নি।
বেনেটের দলসহ আইজেনকোটের চার দলের জোটের আসনসংখ্যা ৪৮। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের চেয়ে যা ১৩টি কম। এ ঘাটতি পূরণে তাকে আরব নেতৃত্বাধীন দুটি দল, অতি-ধর্মীয় ইহুদিদের দুটি দল অথবা এই চার দলের কয়েকটির সমর্থন নিতে হবে।
প্রতিবেদন অনুযায়ী, আইজেনকোট অতি-ধর্মীয় ইহুদিদের দল ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে) এবং আরব নেতৃত্বাধীন রা'আম পার্টির সমর্থনে সরকার গঠনের পরিকল্পনা করছেন। চ্যানেল ১৩-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতেই তিনি সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ খবর পেয়েই নেতানিয়াহু নতুন প্রস্তাব দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে নেতানিয়াহু ঐক্য সরকারের প্রস্তাব দিলেও শুরুতে নিজেই প্রধানমন্ত্রী থাকার শর্ত দিয়েছিলেন।
নেতানিয়াহু নিজের অবস্থান পরিবর্তনকে দেশের স্বার্থে ছাড় হিসেবে তুলে ধরেছেন। তিনি আবারও দাবি করেছেন, আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর সমর্থনে সরকার গঠন করলে ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। এসব দলকে ইসরায়েল ধ্বংসের চেষ্টা করার অভিযোগও করেছেন তিনি।
নেতানিয়াহু বলেন, ‘অস্তিত্বের জন্য হুমকির মাত্রা এবং সেই হুমকি মোকাবিলায় অক্ষম কোনো সরকার গঠনের সম্ভাবনা বিবেচনায় একজন নেতা হিসেবে আমার দায়িত্ব হলো সবকিছু পাশে সরিয়ে রাখা। এমনকি সবচেয়ে বড় দল হিসেবে প্রধানমন্ত্রীর পদ পাওয়ার নীতিও ছাড়তে আমি প্রস্তুত। গাদি আইজেনকোট প্রথমে প্রধানমন্ত্রী হবেন এবং মেয়াদের শুরুতে আমি বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেব।’
গত ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর জোট সংখ্যাগরিষ্ঠতা হারায়। এরপরও তিনি দাবি করে আসছিলেন, লিকুদ সবচেয়ে বড় দল হওয়ায় ঐক্য সরকারে নেতৃত্ব দেওয়ার অধিকার তাদের। অন্তত পালাক্রমে প্রধানমন্ত্রী হওয়ার চুক্তি হলে প্রথম মেয়াদ তারই পাওয়া উচিত। নির্বাচনে লিকুদ ২৭টি আসন পায়। দ্বিতীয় অবস্থানে থাকা ইয়াশার পার্টি পায় ২১টি।
তবে ৮ নভেম্বর ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ সরকার গঠনের জন্য আইজেনকোটকে ২৮ দিনের দায়িত্ব দেন। দেশটির পার্লামেন্ট নেসেটের ১২০ সদস্যের মধ্যে ৬৭ জন আইজেনকোটকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন জানান। নেতানিয়াহুর পক্ষে ছিলেন ৪৬ জন। সাত সদস্যের ইউটিজে কোনো প্রার্থীর নাম সুপারিশ করেনি।
নতুন প্রস্তাবের পর নেতানিয়াহু আশা প্রকাশ করেন, আইজেনকোটের জোট দ্রুত ‘উন্মুক্ত, আন্তরিক, সৎ ও ত্বরিত’ আলোচনা শুরু করবে। একই সঙ্গে আরব সংখ্যাগরিষ্ঠ জয়েন্ট লিস্ট ও রা'আম পার্টিকে সন্ত্রাসবাদের সমর্থক হিসেবে তুলে ধরে তাদের সঙ্গে আইজেনকোটের জোটের সমঝোতা ঠেকানোর চেষ্টা করেন তিনি।
নেতানিয়াহুর দাবি, শেষ পর্যন্ত এসব দলের সঙ্গে জোট হলে তারা ‘ইরানের পৃষ্ঠপোষকতায় ইসরায়েলের ধ্বংসস্তূপের ওপর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করবে’।
তিনি স্পষ্ট করেছেন, তার প্রস্তাবিত ঐক্য সরকারে অতি-ধর্মীয় ইহুদিদের ইউটিজে ও শাস পার্টিও থাকবে। সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিষয়ে এসব দলের সঙ্গে সমঝোতার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। আগের সরকারে এ বিষয়ে সমঝোতা করতে ব্যর্থ হয়েছিলেন নেতানিয়াহু। এর জেরে তার দীর্ঘদিনের মিত্র ইউটিজে দূরে সরে আইজেনকোটের দিকে ঝুঁকেছে।
নেতানিয়াহুর প্রস্তাবের জবাবে আইজেনকোট শনিবার রাতেই হার্জলিয়ার ড্যান অ্যাকাডিয়া হোটেলে লিকুদ নেতাকে তার দলের প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসার আমন্ত্রণ জানান। তিনি বলেন, প্রায় তিন সপ্তাহ ধরে তার দল আলোচনার চেষ্টা করলেও লিকুদ তা প্রত্যাখ্যান করেছে। গত রোববার পাঠানো বিস্তারিত প্রস্তাবেরও কোনো জবাব দেয়নি তারা।
আইজেনকোট বলেন, ‘লিকুদ যদি সত্যিকারের ঐক্য চায়, তাহলে আগামী ২৪ ঘণ্টায় তাদের আন্তরিকতা যাচাই করতে আমি প্রস্তুত।’ নেতানিয়াহু ও তার দলকে নীতিগত অবস্থান এবং নীতিনির্ধারণী বিষয়গুলো নিয়ে দ্রুত ও আন্তরিক আলোচনায় বসার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ‘ইসরায়েলের যে ঐক্য প্রয়োজন, তা অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে দেশটির নাগরিকদের মধ্যে ঐক্য। এ ঐক্যের জন্য আমি চেষ্টা করতে এবং রাজনৈতিক মূল্য দিতেও প্রস্তুত।’
আইজেনকোট জানান, নেতানিয়াহুর অনুরোধে গোপন একটি যোগাযোগমাধ্যমে তার কাছে পাঠানো প্রস্তাবে গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। কয়েকটি বিষয়ে তার পক্ষ থেকে উল্লেখযোগ্য ছাড়ও দেওয়া হয়েছিল। এরপরই ইসরায়েল বেইতেনু ও ডেমোক্র্যাটস পার্টির সঙ্গে জোট চুক্তি করা হয়।
তিনি বলেন, ‘প্রায় তিন সপ্তাহ ধরে আমি ও আমার দল আন্তরিকতা ও সদিচ্ছার সঙ্গে দ্রুত আলোচনা চালানোর চেষ্টা করেছি। কিন্তু আমরা প্রত্যাখ্যান ও টালবাহানার মুখে পড়েছি।’
সূত্র : টাইমস অব ইসরায়েল
এফআর/