সাহস করে বলুন, আমি জামায়াত, আমি শিবির, আমার দাবি মানতে হবে: রাশেদ খাঁন
ছবি: সংগৃহীত
জুলাই সনদ ও গণভোটের বাস্তবায়নের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনশন করেছেন তিন শিক্ষার্থী। শিবিরের ব্যবস্থাপনায় এই অনশন শুরু হয়েছে উল্লেখ করে বিএনপি নেতা রাশেদ খাঁন বলেছেন, পরিচয় গোপন না করে সাহস করে বলুন, আমি জামায়াত, আমি শিবির। আমার রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা আছে। শনিবার (১১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে রাশেদ খাঁন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের ব্যবস্থাপনায় গণভোট নিয়ে অনশন শুরু হয়েছে। কিন্তু অবাক হচ্ছি শিবির এখনো তার সাধারণ শিক্ষার্থী ট্রাম্প কার্ডের রাজনীতি জিইয়ে রেখেছে। এই সাধারণ শিক্ষার্থী ট্রাম্প কার্ডের রাজনীতি চলমান থাকলে ভুক্তভোগী হবে প্রকৃত সাধারণ শিক্ষার্থী। প্রকৃত সাধারণ শিক্ষার্থী কোনো সমস্যায় পড়লে, তারও সাধারণ বা রাজনৈতিক পরিচয় নিয়ে সন্দেহ সৃষ্টি হবে।