দিনাজপুরে ১২০০ লিটার পেট্রোল উদ্ধার
ছবি: সংগৃহীত
১০:২৭ পিএম | ১১ এপ্রিল, ২০২৬
দিনাজপুরের পার্বতীপুরে একটি দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে র্যাব। এ সময় দোকান মালিক রায়হানুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার (১১ এপ্রিল) বিকেলে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে এসব পেট্রোল উদ্ধার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, অবৈধভাবে পেট্রোল মজুত রেখে বেশি দামে বিক্রির গোপন তথ্যের ভিত্তিতে পার্বতীপুর উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায় র্যাব-১৩ নীলফামারীর একটি দল। এ সময় টার্মিনাল থেকে গুলপাড়া যাওয়ার মোড়ে একটি দোকানে ৫টি বড় ড্রাম ও ৫টি ছোট পাত্রে অবৈধভাবে মজুত করা ১ হাজার ২০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। দোকানটিতে সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে প্রতি লিটার পেট্রোল ২৫০ টাকায় বিক্রি করা হচ্ছিল।
পরে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ মজুতের দায়ে রায়হানুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে পাম্পে দায়িত্ব পালনকারী ট্যাগ অফিসার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু সুফিয়ানের উপস্থিতিতে উদ্ধার করা পেট্রোল নির্ধারিত মূল্যে বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
র্যাব-১৩ নীলফামারীর সিপিসি-২-এর স্কোয়াড লিডার আশরাফুল কবির অভিযানের নেতৃত্ব দেন। এ সময় বাহিনীর ডিএডি শামসুল হুদা, সাব-ইন্সপেক্টর প্রতল্য দাসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এসএস/টিকে