© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুকুরকে কুমিরের টেনে নিয়ে যাওয়ার ঘটনায় তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রীর

শেয়ার করুন:
কুকুরকে কুমিরের টেনে নিয়ে যাওয়ার ঘটনায় তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫০ এএম | ১২ এপ্রিল, ২০২৬
বাগেরহাটে খান জাহান আলী (রহ.) এর মাজার সংলগ্ন দিঘিতে কুকুরকে কুমিরের টেনে নিয়ে যাওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শনিবার (১১ এপ্রিল) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) মো. মামুন হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, কুমিরের মুখে একটি কুকুরের মর্মান্তিক মৃত্যুর ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ঘটনাস্থলে উপস্থিত অনেকেই ভিডিও ধারণে ব্যস্ত থাকলেও অসহায় প্রাণিটিকে রক্ষায় কেউ এগিয়ে না আসায় মানবিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর দৃষ্টিগোচর হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাগেরহাটের ঘটনাটি তাকে গভীরভাবে ব্যথিত করেছে। শুধু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও তিনি মর্মাহত। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এই দেশকে মানুষ এবং সকল প্রাণের বসবাসের অভয়ারণ্য হিসাবে গড়ে তুলতে বদ্ধপরিকর।

এই অবস্থায় সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দিয়ে তিনি বলেন, এই অমানবিক ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিকে শাস্তির আওতায় আনতে হবে এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দিয়েছেন প্রতিমন্ত্রী।

এদিকে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর এমন নির্দেশনার পর বিষয়টিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে বাগেরহাট জেলা প্রশাসন। ইতোমধ্যে বাগেরহাটের সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আতিয়া খাতুনকে প্রধান করে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- সহকারী কমিশনার (ভূমি) এম শরীফ খান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. পলাশ কুমার দাস এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ-উল-হাসান।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বাগেরহাটের খান জাহান আলী (রহ.) এর মাজার সংলগ্ন পুকুরের ঘাটে একটি কুকুরকে কুমিরের টেনে নিয়ে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে ঘটনার সময় অনেককেই ঘাটের পাশে দেখা যায়। ওই সময় কুকুরটি ঘাট থেকে ‍উপরে ওঠার চেষ্টা করেও উঠতে পারছিল না। একপর্যায়ে পুকুরে থাকা কুমিরটি কুকুরটিকে ধরে টেনে পানির নিচে নিয়ে চলে যায়। তবে কাউকেই কুকুরটিকে উদ্ধার করতে এগিয়ে যেতে দেখা যায়নি। পরবর্তীতে ভিডিওটি সোশ্যালে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

টিজে/টিএ 

মন্তব্য করুন