লালবাগে ভবন থেকে পড়ে প্রাণ গেল এক ব্যক্তির
ছবি: সংগৃহীত
০১:০৫ এএম | ১২ এপ্রিল, ২০২৬
পুরান ঢাকার লালবাগের বিডিআর দুই নম্বর গেট সংলগ্ন নয়াপল্টন এলাকার একটি ৪ তলা ভবনের ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার আনুমানিক বয়স ৩৫ বছর। ভবঘুরে প্রকৃতির এই যুবকের পড়নে ছিল লুঙ্গি ও ফুল গেঞ্জি।
কী কারণে এবং কীভাবে ওই ব্যক্তি ভবনটিতে উঠেছিল সে ব্যাপারে কিছুই জানা যায়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, পথচারীরা ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসে। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
ইউটি/টিএ