© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফ্যাশন দুনিয়ায় নতুন ইতিহাস গড়লেন তৃপ্তি দিমরি

শেয়ার করুন:
ফ্যাশন দুনিয়ায় নতুন ইতিহাস গড়লেন তৃপ্তি দিমরি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৭ এএম | ১২ এপ্রিল, ২০২৬
আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে নতুন মাইলফলক স্পর্শ করলেন বলিউডের উদীয়মান অভিনেত্রী তৃপ্তি দিমরি। বিশ্বখ্যাত অন্তর্বাস ও ফ্যাশন ব্র্যান্ড ভিক্টোরিয়াস সিক্রেট-এর প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়ে নিজের ক্যারিয়ারে যুক্ত করলেন নতুন এক আন্তর্জাতিক সাফল্য। ঘোষণাটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা, ভক্তদের উচ্ছ্বাসে ভরে ওঠে অনলাইন দুনিয়া।

ব্র্যান্ডটির ‘সামার সিগনেচার’ প্রচারণার মুখ হিসেবে হাজির হয়েছেন তৃপ্তি। এই প্রচারণায় তার উপস্থিতি ফুটিয়ে তুলেছে সৌন্দর্য, আত্মবিশ্বাস ও আধুনিক গ্ল্যামারের এক অনন্য মিশেল। প্রচারণার ভিডিওতে তিনটি ভিন্ন সাজে দেখা গেছে তাকে, যেখানে ব্র্যান্ডটির স্বাক্ষর গোলাপি-সাদা ডোরা নকশাকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে প্রতিটি রূপ।

প্রথমে নরম সাটিনের আরামদায়ক রাত্রিকালীন পোশাকে ধরা দেন তিনি। এরপর অন্তর্বাসের সঙ্গে ডেনিমের মিশেলে এক আধুনিক ও আকর্ষণীয় স্টাইল উপস্থাপন করেন। সবশেষে সাদা-কালোর ছোঁয়ায় এক সাহসী ও ব্যতিক্রমী লুকে হাজির হয়ে নিজের বহুমাত্রিকতা তুলে ধরেন তৃপ্তি। এই উপস্থাপনায় একদিকে যেমন আরাম ও স্বাচ্ছন্দ্যের বার্তা রয়েছে, অন্যদিকে রয়েছে আবেদনময়তা ও আভিজাত্যের ছাপ।



তবে এই অর্জনের গুরুত্ব কেবল একটি প্রচারণায় সীমাবদ্ধ নয়। এটি আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে ভারতীয় অভিনেত্রীদের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতার প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে। ভক্তদের অনেকে এই সাফল্যকে গর্বের মুহূর্ত হিসেবে দেখছেন এবং তৃপ্তির এই অর্জনকে প্রাপ্য স্বীকৃতি বলে অভিহিত করছেন।

চলচ্চিত্রের পর্দা পেরিয়ে বৈশ্বিক ব্র্যান্ডের প্রতিনিধিত্ব এই যাত্রা তৃপ্তি দিমরির ক্যারিয়ারে নতুন দিগন্ত উন্মোচন করেছে। একই সঙ্গে এটি প্রমাণ করছে, দক্ষিণ এশিয়ার তারকারা এখন বিশ্ব ফ্যাশনের আলোচনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

এসএস/টিকে

মন্তব্য করুন