আ. লীগের ১৫ বছরে শিক্ষায় কোনো ভিশন ছিল না : ববি হাজ্জাজ
ছবি: সংগৃহীত
০২:৫৬ পিএম | ১২ এপ্রিল, ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আ. লীগের ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত শিক্ষার কোনো উন্নতি হয়নি। এতো বছর কোনো ভিশন ছিলো না। এ জায়গায় ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তিনি ভিশন নিয়ে কাজ করছেন।
আজকে আমাদের দেশে এইএসসি পাশ করার পর বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। যার ফলে বিশ্ববিদ্যালয়ে লটারি দিতে হয়। আমাদের টার্গেট খুব অল্প। ৬৫ শতাংশ যেনো ভাল করে বাংলা বলতে পারে।
লক্ষ লক্ষ টাকা খরচ করে বিল্ডিং বানাচ্ছি, কিন্তু ভেতরে শিক্ষা কি হচ্ছে? কারিকুলাম, ক্লাস রুম আর কনটেনসেন্সি ঠিক থাকতে হবে।
রবিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌর মিলনায়তনে অনুুষ্ঠিত শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সঠিক শিক্ষক যেনো ক্লাস রুমে থাকে সেটা দেখতে হবে। প্রধান শিক্ষকরা এগিয়ে আসেন।
আগামী দিনগুলোতে শিক্ষার মান উন্নত হবে। উপর মহল থেকে একটা সিদ্ধান্ত নেবে সেটা বাস্তবায়ন হবে না ওইদিন শেষ হতে চলেছে। আপনারা শিক্ষকরা দায়িত্ব নেন। একসঙ্গে কাজ করব। সবাইকে নিয়ে সোনার বাংলাদেশ গড়বো।
বিশেষ অতিথির বক্ত্যবে নারায়ণগঞ্জ- ১ ( রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, ‘২০২৬ সালে দাঁড়িয়ে নতুন বাংলাদেশ দেখতে চাই। এটার জন্য অগ্রণী ভূমিকা রাখার জন্য শিক্ষকদের ভূমিকা বেশি। শিক্ষার মান যেনো উন্নতির জায়গায় যায় তার জন্য মন্ত্রীরা কাজ করছে। বাংলাদেশে শিক্ষার মান কমে গিয়েছে। সরকার বিল্ডিং, সুন্দর লেক বানাতে পারবে। কিন্তু মেধাবী ছাত্র বানাতে পারবে না। এটার জন্য শিক্ষকদের ভূমিকা বেশি। রূপগঞ্জের কোনো ছাত্র যেনো ড্রপ আউট না হয়। এরজন্য যা করা দরকার আমার ও দলের পক্ষে ব্যবস্থা করব। নতুন রূপগঞ্জ গড়ার জন্য, স্বপ্নের রূপগঞ্জ গড়ার জন্য নেমেছি।’
মুখ্য আলোচক হিসেবে অধ্যাপক ড. মো. আবদুস সালাম বলেন, ‘করোনা ও জুলাই যুদ্ধের কারণে লেখাপড়ার অনেক ক্ষতি হয়েছে। শিক্ষাকে বিশ্বে সেবাখাত হিসেবে দেখা হয়। বাংলাদেশে শিক্ষা বেশি আক্রান্ত হয়। প্রাথমিক শিক্ষাকে নিরাপদ করা দরকার। শিক্ষায় রাজনৈতিক প্রভাব বেশি।’
নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক ড. মো. আবদুস সালাম, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জয়, সহকারী কমিশনার (ভূমি) মো. মারজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।
কেএন/এসএন