© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

না জানিয়ে কারও উদ্দেশ্যে পোস্ট করা উচিত নয়: প্রসেনজিৎ

শেয়ার করুন:
না জানিয়ে কারও উদ্দেশ্যে পোস্ট করা উচিত নয়: প্রসেনজিৎ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৭ পিএম | ১২ এপ্রিল, ২০২৬
কলকাতার অভিনেতা ও নাট্যকর্মী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নাড়িয়ে দিয়েছে টলিউডকে। ৭ এপ্রিলের সেই শোকাবহ ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার শিল্পী ও কলাকুশলীদের সুরক্ষা নিয়ে উত্তাল স্টুডিও পাড়া। ১২ এপ্রিল (রোববার) টেকনিশিয়ান স্টুডিওতে আর্টিস্ট ফোরামের এক জরুরি বৈঠক শেষে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন।

সম্প্রতি অভিনেতা অনির্বাণের বিষয়ে দেবের নেওয়া পদক্ষেপ এবং রিদ্ধি সেনের প্রসঙ্গ টেনে প্রসেনজিৎ বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় যার উদ্দেশে কিছু পোস্ট করা হচ্ছে, আমার মনে হয় তাকে অন্তত একবার জানানো উচিত। না জানিয়ে এভাবে পাবলিক ফোরামে পোস্ট করাটা ব্যক্তিগতভাবে আমার খারাপ লেগেছে।’

তিনি আরও বলেন, ‘এই ধরনের বিষয়গুলো প্রায় দেড়-দুই বছর ধরে চলছে এবং জল আদালত পর্যন্ত গড়িয়েছে। আমরা ফোরামের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে বা আন্দোলনের মাধ্যমে সমাধান করতে পারতাম। সরাসরি পাবলিক ফোরামে ৭২ ঘণ্টার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া কতটা যুক্তিসঙ্গত, তা আমি জানি না। এই বিষয়গুলো প্রথমে ফেডারেশনের কাছে উত্থাপন করা উচিত ছিল।’

রাহুলের মৃত্যুর সঠিক বিচারের দাবিতে সোচ্চার প্রসেনজিতের ভাষ্য, ‘আমি যদি ফোরামের সঙ্গে যুক্ত নাও থাকতাম, তাহলেও এই ঘটনায় আমি একা রাহুলের পাশে দাঁড়াতাম। কিন্তু সংগঠন দিনরাত এই পরিস্থিতির সঙ্গে লড়াই করছে। আক্ষেপের বিষয় হলো, ১৪ দিন পার হয়ে গেলেও আমরা জানতে পারলাম না আমাদের পরিবারের একজন সদস্য শুটিং করতে গিয়ে কেন আর ঘরে ফিরল না।’



তিনি জানান, প্রযোজকদের সঙ্গে আলোচনা চলছে এবং আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে নতুন সুরক্ষাবিধি কার্যকর হবে। পাশাপাশি যে দুটি ধারাবাহিক বন্ধ হয়ে গেছে, সেখানকার কর্মহীন সদস্যদের পুনরায় কাজে ফেরানোর বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।

৭ এপ্রিলের বৈঠকের প্রসঙ্গ টেনে প্রসেনজিৎ বলেন, ‘সেদিন আমি বড় ভাই বা দাদা হিসেবে দেবকে বলেছিলাম এখন সবাই রাহুলকে নিয়ে আবেগপ্রবণ, এই মুহূর্তে কথাগুলো না বলে কয়েকদিন বাদে বলতে। আমি মনে করি না কোনো ঘণ্টার চ্যালেঞ্জ নেওয়ার যোগ্যতা বা ক্ষমতা আমার আছে।’


পিআর/টিএ

মন্তব্য করুন