মঙ্গলবারের মধ্যেই ব্যাটারিচালিত অটোরিকশার শোরুম অপসারণের নির্দেশ
ছবি: সংগৃহীত
০৮:৪১ পিএম | ১২ এপ্রিল, ২০২৬
সিলেট মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে আগামী মঙ্গলবারের (১৪ এপ্রিল) মধ্যে নগরী থেকে সব ধরনের ব্যাটারিচালিত অটোরিকশার শোরুম অপসারণের নির্দেশ দিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
রবিবার (১২ এপ্রিল) এসএমপির অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট মহানগর এলাকায় থাকা ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক, মিশুক ও টমটমের শোরুমগুলো জনস্বার্থে জরুরি ভিত্তিতে অপসারণ করা অত্যাবশ্যক। এর আগে মহানগর পুলিশের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ সালের ১৫ অক্টোবরের মধ্যে এসব অবৈধ যানবাহনের শোরুম সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সে সময় ব্যবসায়ীদের পক্ষ থেকে শোরুম স্থানান্তরের জন্য ৬ মাসের সময়সীমা চাওয়া হয়। বর্ধিত সেই সময়সীমার মেয়াদ আগামী ১৪ এপ্রিল শেষ হতে যাচ্ছে।
জনস্বার্থ ও ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে বেঁধে দেওয়া এই সময়সীমার মধ্যে নির্দেশ বাস্তবায়ন করা না হলে, পরবর্তীতে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিধি মোতাবেক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
এমআর/টিকে