মাদারীপুরে চলন্ত বাসে আগুন, নিহত ১
ছবি: সংগৃহীত
০৯:১৬ পিএম | ১২ এপ্রিল, ২০২৬
মাদারীপুরের ডাসারে সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ এ ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো অন্তত ১০ জন।
রোববার (১২ এপ্রিল) বিকেল ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার মেলকাই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এসময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বরিশাল থেকে ঢাকায় যাচ্ছিল সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে মেলকাই নামক স্থানে পৌঁছালে আকস্মিক বাসটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে বাসটির ওপরের অংশ পুড়ে ছাই হয়ে যায়। এসময় বেশ কিছু সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে৷ খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং একজনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় অন্তত আরো ১০ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে।
কালকিনি ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার খোকন জমাদার বলেন, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এসময় একজনের মরদেহ উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরো বেশ কয়েকজনকে আহত অবস্থা উদ্ধার করা হয়। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
মাদারীপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন বলেন, বাসের তেলের ট্যাংকি থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পর বাস থেকে লাফিয়ে নামার সময় চাকায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
টিজে/টিএ