আশা ভোসলেকে নিয়ে কৌশিকী চক্রবর্তীর স্মৃতিচারণ
ছবি: সংগৃহীত
০৯:৩১ পিএম | ১২ এপ্রিল, ২০২৬
ভারতীয় সঙ্গীত জগত শোকাচ্ছন্ন কিংবদন্তি আশা ভোসলের প্রয়াণে। তার বিদায়ে যেন এক অভিভাবকহীনতার অনুভূতি ছড়িয়ে পড়েছে শিল্পীমহলে। এই শোকের আবহেই আবেগঘন স্মৃতিচারণায় ডুব দিলেন প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী কৌশিকী চক্রবর্তী।
ছোটবেলা থেকেই যাকে আদর্শ মানতেন, সেই আশাজির স্মৃতিতে ভেসে উঠেছে তার ব্যক্তিগত অনুভবের নানা মুহূর্ত। কৌশিকী জানিয়েছেন, তাঁর কাছে আশা ভোসলে শুধু একজন কিংবদন্তি শিল্পী নন, বরং এক অনুপ্রেরণার প্রতীক। তার কথায়, আশাজির কণ্ঠে যেমন ছিল জীবনের সংগ্রাম, তেমনি ছিল শক্তি আর আবেগের গভীরতা।

শৈশবের স্মৃতি টেনে তিনি বলেন, তাদের বাড়ির মন্দিরে জায়গা পেয়েছিল আশাজির ছবি। প্রতিদিন সেই ছবির সামনে প্রণাম করতেন তিনি। আজও সেই অভ্যাস যেন মনের ভেতর রয়ে গেছে। শিল্পীর প্রতি এই শ্রদ্ধা ও ভক্তি কেবল সংগীতের কারণে নয়, বরং মানুষ হিসেবেও আশাজির ব্যক্তিত্ব তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছিল।
কৌশিকীর এই স্মৃতিচারণায় উঠে এসেছে তার পরিবার ও আশাজির স্নেহের সম্পর্কও। তার বাবা পণ্ডিত অজয় চক্রবর্তী-র সঙ্গে আশাজির ঘনিষ্ঠতা ছিল দীর্ঘদিনের। সেই সূত্রেই ছোট্ট কৌশিকীর প্রতি আলাদা স্নেহ ছিল তাঁর। এমনকি মজার ছলেই একসময় কৌশিকীকে নিজের কাছে রেখে দেওয়ার কথাও বলেছিলেন আশাজি।
এই স্নেহ আর ভালোবাসার স্মৃতি আজ আরও বেশি করে নাড়া দিচ্ছে কৌশিকীকে। প্রিয় ‘আশাদি’-কে স্মরণ করে তিনি জানিয়েছেন, তাঁর গাওয়া গানেই বেঁচে থাকবেন এই কিংবদন্তি। তাঁর কণ্ঠে উচ্চারিত প্রতিটি সুরেই থাকবে আশাজির প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা।
সঙ্গীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র হারানোর এই মুহূর্তে, কৌশিকীর মতো অসংখ্য শিল্পীর স্মৃতিতে বেঁচে থাকবেন আশা ভোসলে তাঁর গান, তাঁর স্নেহ আর তাঁর অমলিন ব্যক্তিত্বে।
পিআর/টিএ