© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আশা ভোসলেকে নিয়ে জোজো মুখার্জির স্মৃতিচারণ

শেয়ার করুন:
আশা ভোসলেকে নিয়ে জোজো মুখার্জির স্মৃতিচারণ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৮ পিএম | ১২ এপ্রিল, ২০২৬
সুরের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের পতনে শোকস্তব্ধ সংগীতজগৎ। কিংবদন্তি আশা ভোসলের প্রয়াণ যেন নাড়িয়ে দিয়েছে প্রজন্মের পর প্রজন্মের শিল্পীদের। তার স্মৃতিতে আবেগঘন হয়ে উঠলেন বাংলার জনপ্রিয় গায়িকা জোজো মুখার্জি।

প্রিয় শিল্পীর চলে যাওয়ার খবর শোনার পর থেকেই যেন বাকরুদ্ধ জোজো। স্মৃতির ভেতর বারবার ফিরে আসছে সেই সময়, যখন ছোটবেলায় আশাজির গান শুনেই বড় হয়েছেন তিনি। তার কথায়, গান গাওয়ার ধরণ থেকে মঞ্চে উপস্থিতি সব ক্ষেত্রেই তাঁর একমাত্র অনুপ্রেরণা ছিলেন আশা ভোসলে।

জোজো স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আশাজিই ছিলেন তাঁর একমাত্র আদর্শ। ছোটবেলা থেকে তাঁর গান শুনে, তাঁর গায়কী দেখে নিজেকে গড়ে তুলেছেন। এই মুহূর্তে তাঁর মনে হচ্ছে, যেন মাথার উপর থেকে এক বিশাল ছাতা সরে গেছে।



ক্যারিয়ারের শুরুর দিকের এক বিশেষ অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ী-র সৌজন্যে খুব অল্প বয়সেই আশাজির সঙ্গে একই মঞ্চে গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন। তখন সেই মুহূর্তের গুরুত্ব পুরোপুরি বুঝতে না পারলেও, আজ ফিরে তাকিয়ে সেটিকেই নিজের জীবনের বড় আশীর্বাদ বলে মনে করছেন জোজো।

শুধু মঞ্চ নয়, নিজের গানের অ্যালবামেও আশার প্রভাব স্পষ্ট বলে জানান তিনি। তাঁর জনপ্রিয় একাধিক গানে আশাজির গায়কীর ছাপ রয়েছে। জোজোর বিশ্বাস, তাঁর পরিচিতি ও গ্রহণযোগ্যতার পেছনেও আশার প্রভাব অনস্বীকার্য।

সকলকে সম্মান জানিয়েই তিনি বলেন, আশার মতো বহুমুখী গায়িকা আর দেখা যায়নি। বিভিন্ন ঘরানার গানকে সমান দক্ষতায় তুলে ধরার যে ক্ষমতা, সেটিই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। তাই তার কাছে আশাজি শুধু একজন শিল্পী নন, বরং এক অনন্ত অনুপ্রেরণার নাম।

আজ যখন সেই প্রিয় মানুষটি আর নেই, তখন স্মৃতির ভেতর দিয়েই তাঁকে আঁকড়ে ধরছেন জোজো। তার গানে, তার মঞ্চে, তার প্রতিটি সুরে বেঁচে থাকবেন আশাজি এই বিশ্বাসই যেন সান্ত্বনা হয়ে থাকছে শিল্পীর কাছে।

পিআর/টিএ

মন্তব্য করুন