© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপি থেকে মনোনয়ন সংগ্রহ নিয়ে কী বললেন মেঘনা আলম?

শেয়ার করুন:
বিএনপি থেকে মনোনয়ন সংগ্রহ নিয়ে কী বললেন মেঘনা আলম?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৫ এএম | ১৩ এপ্রিল, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঢাকা-৮ আসনের আলোচিত নারী প্রার্থী মেঘনা আলম। এ সময় তিনি পূর্বের রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন বলেও জানা গেছে।

রবিবার (১২ এপ্রিল) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক বক্তব্যে মেঘনা আলম বলেন, তিনি নিখুঁত নন এবং সবকিছু জানেন এমন কোনো ‘এনসাইক্লোপিডিয়া’ও নন। একজন মানুষ হিসেবে তাঁর সীমাবদ্ধতা রয়েছে।

তবে অন্যায় ক্ষমতার অপব্যবহার, নিপীড়ন, মিথ্যা মামলা, দুর্নীতি এবং নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে তিনি সবসময় দৃঢ় অবস্থান নিয়েছেন বলে উল্লেখ করেন।

তিনি বলেন, গত এক বছরে তিনি নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেছেন। খারাপ মানুষের আক্রমণের পাশাপাশি ভালো মানুষের ভুল বোঝাবুঝি ও অপপ্রচারের শিকারও হয়েছেন তিনি।

নিজের দক্ষতার কথা তুলে ধরে মেঘনা আলম বলেন, তিনি সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে পারেন, দক্ষতার সঙ্গে যোগাযোগ ও পেশাদারভাবে লেখালেখি করতে সক্ষম।

পাশাপাশি একটি শক্তিশালী আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তুলেছেন, যা অনেক ক্ষেত্রে ড. মুহাম্মদ ইউনূসের নেটওয়ার্ককেও ছাড়িয়ে গেছে বলে দাবি করেন তিনি।

রাজনীতিতে ব্যক্তি বা দল নয়, বরং আদর্শকে গুরুত্ব দেন উল্লেখ করে তিনি বলেন, যারা সত্যের পথে সাহসের সঙ্গে দাঁড়াতে পারে এবং দেশের স্বার্থে কাজ করতে প্রস্তুত, তাদের সঙ্গেই তিনি থাকতে চান।

বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে উপস্থাপনের প্রত্যয় ব্যক্ত করে মেঘনা আলম বলেন, আগামী পাঁচ বছরে তিনি এমন কিছু কাজ করতে চান, যা দেশে আগে কেউ করেনি। বিশ্ব দরবারে বাংলাদেশকে নতুনভাবে তুলে ধরার লক্ষ্যেই তাঁর এই উদ্যোগ।

গণঅধিকার পরিষদের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি দলের নেতা নুরুল হক নূরের প্রশংসা করেন। নূরকে তিনি চিন্তা ও মেধায় সিনিয়র এবং অসাধারণ মনের মানুষ হিসেবে উল্লেখ করেন।

এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে মেঘনা আলম বলেন, তিনি একটি সুপরিকল্পিত কৌশল নিয়ে এগোচ্ছেন এবং দেশকে মর্যাদাপূর্ণ রাষ্ট্রে পরিণত করতে চান। তাঁর দিকনির্দেশনা পেলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসকে/টিএ

মন্তব্য করুন