© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেবের ৭২ ঘণ্টার চ্যালেঞ্জ প্রসঙ্গে প্রসেনজিতের প্রতিক্রিয়া

শেয়ার করুন:
দেবের ৭২ ঘণ্টার চ্যালেঞ্জ প্রসঙ্গে প্রসেনজিতের প্রতিক্রিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০২ এএম | ১৩ এপ্রিল, ২০২৬
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরে কেটে গিয়েছে ১৪ দিন। এখনও প্রকাশ্যে আসেনি অভিনেতার মৃত্যুর প্রকৃত কারণ। ৭ এপ্রিল টেকনিশিয়ান স্টুডিয়োয় আর্টিস্ট ফোরামের তরফে জরুরি বৈঠকেরও আয়োজন করা হয়েছিল। যেখানে বলা হয়, নির্দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত আপাতত ‘ম্যাজিক মোমেন্টস’-সংস্থার সঙ্গে কাজ নয়। সেই দিনের মিটিংয়েই দেব উত্থাপন করেছিলেন টলিউডের ‘ব্যান’ প্রসঙ্গ। এ বার ৭২ ঘণ্টায় ‘ব্যান’ তুলে দেওয়া প্রসঙ্গে মুখ খুললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

৭ এপ্রিল বৈঠকের প্রায় সপ্তাহখানেক পরে রবিবার আবারও বৈঠকে বসেন আর্টিস্ট ফোরামের সদস্যরা। যেখানে ফোরামের সহ-সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘৭ এপ্রিল মিটিং হয়েছিল রাহুলের মৃত্যুর পরে শিল্পী, কলাকুশলীদের সুরক্ষা নিয়ে। সকলে জানতে চায়, কী ভাবে মৃত্যু হয়েছে রাহুলের। আমি সে দিন দাদা হিসেবে বলেছিলাম এখন সকলে রাহুলকে নিয়ে আবেগপ্রবণ, তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ‘ব্যান’-এর কথাটা না বলে কয়েকদিন বাদে বলতে।’



দেবের ৭২ ঘণ্টা চ্যালেঞ্জ প্রসঙ্গে প্রসেনজিতের সাফ জবাব, ‘এই উত্তরটা দেব ছাড়া আর কেউ দিতে পারবে না। আমি মনে করি ঘণ্টার চ্যালেঞ্জ দেওয়া বা নেওয়ার মতো যোগ্যতা আমার আছে।’ একইসঙ্গে নিজের পূর্বের কিছু অভিজ্ঞতাও ভাগ করেন প্রসেনজিৎ। বললেন, ‘আড়াই বছর আগের ঘটনা। প্রতি পুজোয় একটা করে আমার ছবি মুক্তি পায়। ৯৯ শতাংশ ছবি দর্শক পছন্দও করেছে ছবিগুলো। দীর্ঘ ৪৫ বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছি, সাড়ে চারশোর বেশি ছবিতে কাজ করেছি। এই টেকনিশিয়ান স্টুডিয়োয় সকালে মেকআপ ভ্যানে এসেছি তার পরে আমার ছবিটাকে হঠাৎ বন্ধ করে দেওয়া হয়। কারণটা হয়তো অন্য ছিল।’

টেকনিশিয়ান স্টুডিয়োর মিটিংয়ে ৭২ ঘণ্টার কথা উল্লেখ করেই থামেননি দেব। একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায়ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ট্যাগ করে পোস্ট করেছিলেন। প্রসেনজিৎ সেই প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘এই বিষয়গুলো প্রায় দেড় থেকে দু’বছর ধরে চলছে। জল গড়িয়েছে আদালত পর্যন্ত। একটা জেনারেল মিটিং করে সমস্যা সমাধানের পথ খুঁজতে পারতাম। হয় আন্দোলনের মাধ্যমে না হলে আলোচনার মাধ্যমে। তবে সোশাল মিডিয়ায় যাঁর উদ্দেশে কিছু পোস্ট করা হচ্ছে, আমার মনে হয় তাঁকে একবার জানানো উচিত। এটা ব্যক্তিগত ভাবে আমার খারাপ লেগেছে। বিষয়টা ফেডারেশনের কাছে উত্থাপন করা উচিত ছিল। পাবলিক ফোরামে এই ধরনের ৭২ ঘণ্টার চ্যালেঞ্জ কতটা যুক্তিসঙ্গত আমি জানি না।’

আরআই/টিএ

মন্তব্য করুন