© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেবাদৃতার সঙ্গে বাংলা সিরিয়ালে পরমব্রতর প্রত্যাবর্তন, ফিরছেন কোন ধারাবাহিকে?

শেয়ার করুন:
দেবাদৃতার সঙ্গে বাংলা সিরিয়ালে পরমব্রতর প্রত্যাবর্তন, ফিরছেন কোন ধারাবাহিকে?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩০ এএম | ১৩ এপ্রিল, ২০২৬
আগামী ১৩ এপ্রিল বাংলা মেগার দর্শকের জন্য জোড়া ধামাকা। একদিকে 'সংসারের সংকীর্তন' নিয়ে আসছেন অভিনেত্রী মানালি দে, সফর সঙ্গী সব্যসাচী চৌধুরী। অন্যদিকে দীর্ঘদিন পর টেলিভিশনে প্রত্যাবর্তন অভিনেতা-পরিচালক-প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায়ের। সৌজন্যে 'কমলা নিবাস'। এই সিরিয়ালের সৌজন্যে প্রতি সন্ধ্যায় বাঙালির ড্রইং রুমে পৌঁছে যাবেন পরমব্রত।

১৩ এপ্রিল থেকে শুরু হবে নতুন ধারাবাহিকের সম্প্রচার। প্রথমবার দেবাদৃতা বসুর সঙ্গে জুটি বেঁধে দর্শকের দরবারে হাজির হবেন পরমব্রত চট্টোপাধ্যায়। অনেকদিন ধরেই ইন্ডাস্ট্রির অন্দরে পরমব্রতর ধারাবাহিকে কামব্যাকের কানাঘুষো। অবশেষে জল্পনায় সিলমোহর। প্রকাশ্যে 'কমলা নিবাস' পরমব্রতর লুক। নতুন জুটিকে দেখতে মুখিয়ে রয়েছে দর্শক।

মাঝবয়সি দম্পতির স্বপ্ন দেখা থেকে সেই স্বপ্ন পূরণের গল্পের আবর্তে তৈরি হয়েছে 'কমলা নিবাস' ধারাবাহিকের গল্প। তাঁদের সুখ-দুঃখ, ভালো-মন্দকে কেন্দ্র করেই এগবে 'কমলা নিবাস'-এর কাহিনি। এই চরিত্রে অভিনয় করেছেন দেবশঙ্কর হালদার এবং সোহিনী সেনগুপ্ত ।

নিপাট পারিবারিক গল্প বলবে এই ধারাবাহিক। গল্পের কেন্দ্রে রয়েছে কমলা ও শ্রীনিবাস। দ্বন্দ্ব আর আবেগের এক সুন্দর মেলবন্ধন ঘটবে এই মেগায়। পরমব্রতর প্রত্যাবর্তন নিঃসন্দেহে এই ধারাবাহিকে যোগ করবে নতুন মাত্রা।

যৌথ পরিবারের টানাপোড়েন, ভালোবাসা, অভিমান আর সম্পর্কের সূক্ষ্ম দিকগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হবে টেলিভিশনের পর্দায়। ছোট্ট মেয়েকে আগলে দেবাদৃতা আর পরমব্রতর ছবি ইতিমধ্যেই দর্শকের উৎসাহকে আরও একটু উসকে দিয়েছে।



একটা যৌথ পরিবারে ভিন্ন প্রজন্মের একত্রবাস। প্রত্যেকের সঙ্গে সম্পর্ক যেমন গভীর তেমনই রয়েছে মতবিরোধ, ভুল বোঝাবুঝি এবং মানসিক সংঘাত, যা থেকে তৈরি হয় এক জটিল পরিস্থিতি। বড়দের সিদ্ধান্ত, ছোটদের স্বপ্ন এবং পারস্পরিক বোঝাপড়ার অভাব ক্রমশ প্রকট হয়ে উঠে। দীর্ঘদিন পর এমন এক পারিবারিক ধারাবাহিকে পরমব্রতকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দর্শক।

এক আকাশের নীচে'-সহ আরও বেশ কিছু জনপ্রিয় বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। কিন্তু, বর্তমানে সিনেমা, সিরিজে অভিনয়-পরিচালনা-প্রযোজনা নিয়েই ব্যস্ত ছিলেন। নতুন বছরে ছোট পর্দায় নতুনভাবে পরমব্রতর গ্র্যান্ড কামব্যাকে খুশির আবহ বাঙালির ড্রইংরুমে।

শীঘ্রই পরমব্রতর পরিচালনায় মুক্তি পাবে নতুন ওয়েব সিরিজ 'রক্তফলক'। তার মাঝেই টেলিভিশনে নয়া অবতারে ধরা দিতে আসছেন অভিনেতা। ছোট পর্দায় সঞ্চালক হিসেবে একাধিকবার দেখা গেলেও ফিকশনে বহুদিন পর সে কথা বলাই বাহুল্য।

অন্যদিকে দেবাদৃতা বসুও টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ। 'মিঠিঝোরা' ধারাবাহিকে শেষবার দেখা যায় তাঁকে। এবার 'কমলা নিবাস'-এ পরমব্রতর সঙ্গে জুটি বেঁধে দর্শকের মনের কতটা গভীরে পৌঁছতে পারেন সেটা তো সময় বলবে।

১৩ এপ্রিল থেকে ধারাবাহিকের সম্প্রচার শুরু হবে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে কলাকুশলীদের লুক। কিন্তু, পরমব্রত বা দেবাদৃতাকে কোন চরিত্রে দেখা যাবে সেই উত্তেজনা জিইয়ে রেখেছে চ্যানেল কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যায় হবে পর্দা ফাঁস।

এসকে/টিএ

মন্তব্য করুন