© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আইনি চাপে ইলন মাস্কের এক্সএআই

শেয়ার করুন:
আইনি চাপে ইলন মাস্কের এক্সএআই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৪ এএম | ১৩ এপ্রিল, ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো গড়তে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা ঘিরে নতুন বিতর্কে পড়েছে এক্সএআই। যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে অনুমোদন পাওয়া প্রকল্পটি বাতিলের দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠনগুলো।

জানা গেছে, মিসিসিপি অঙ্গরাজ্যের সাউথাভেন এলাকায় মিথেন গ্যাসচালিত একটি বড় বিদ্যুৎকেন্দ্র নির্মাণের অনুমতি পেয়েছে প্রতিষ্ঠানটি। কিন্তু পরিবেশবাদী কয়েকটি সংগঠন অভিযোগ করেছে এই অনুমোদন প্রক্রিয়ায় ত্রুটি রয়েছে এবং তা বাতিল করা উচিত।

এনএএসিপি সহ কয়েকটি সংগঠন দাবি করেছে, প্রকল্পটি চালু হলে অঞ্চলের বায়ুদূষণ বাড়বে। বিশেষ করে নাইট্রোজেন ডাই-অক্সাইড ও ক্ষুদ্র কণার (পার্টিকুলেট ম্যাটার) পরিমাণ বাড়তে পারে। যা মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
তাদের অভিযোগ, প্রকল্পের পরিবেশগত প্রভাব মূল্যায়নে সঠিক তথ্য ব্যবহার করা হয়নি। একই সঙ্গে অনুমোদন প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করা হয়েছে। যেখানে সাধারণত দীর্ঘ সময় নিয়ে যাচাই-বাছাই করা হয়।

গত ১০ মার্চ মিসিসিপির পরিবেশ নিয়ন্ত্রক সংস্থা এই প্রকল্পের অনুমতি দেয়। এর ফলে এক্সএআই সেখানে ৪১টি গ্যাসচালিত টারবাইন স্থাপন করতে পারবে। এসব টারবাইন মূলত কোম্পানির ডেটা সেন্টারগুলোতে বিদ্যুৎ সরবরাহ করবে।
বর্তমানে এক্সএআই টেনেসির মেমফিসে একটি বড় ডেটা সেন্টার পরিচালনা করছে। পাশাপাশি সাউথাভেনে আরেকটি নতুন কেন্দ্র নির্মাণাধীন রয়েছে।



এআই মডেল চালাতে বিপুল পরিমাণ কম্পিউটিং শক্তি প্রয়োজন হয়। এই শক্তি সরবরাহের জন্য বড় ডেটা সেন্টার এবং বিদ্যুৎকেন্দ্র অপরিহার্য। এ কারণেই এক্সএআই নিজস্ব বিদ্যুৎ অবকাঠামো গড়ে তুলতে চাইছে।

তবে পরিবেশবাদীদের অভিযোগ, প্রকল্পে সবচেয়ে উন্নত ও কম দূষণকারী প্রযুক্তি ব্যবহারের বাধ্যবাধকতা রাখা হয়নি। পাশাপাশি স্থানীয় জনগণকে সিদ্ধান্ত প্রক্রিয়া থেকে দূরে রাখা হয়েছে বলেও দাবি করা হয়েছে। এই প্রকল্পের জন্য এক্সএআই যে অনুমোদন পেয়েছে, সেটি ‘প্রিভেনশন অব সিগনিফিক্যান্ট ডিটারিওরেশন’ নামে পরিচিত একটি পরিবেশগত মানদণ্ডের আওতায় পড়ে। বড় শিল্প প্রতিষ্ঠান বা বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে এ ধরনের অনুমোদন প্রয়োজন হয়।

মিসিসিপির পরিবেশ দপ্তর জানিয়েছে, তারা ইতিমধ্যে সংগঠনগুলোর আবেদন পেয়েছে। বিষয়টি নিয়ে শুনানির আয়োজন করা হবে, যেখানে এক্সএআই-ও অংশ নিতে পারবে। যুক্তরাষ্ট্রজুড়ে এআই অবকাঠামো সম্প্রসারণ নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে বড় ডেটা সেন্টার ও বিদ্যুৎকেন্দ্রের কারণে পরিবেশগত ঝুঁকি এবং বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ নিয়ে আলোচনা চলছে। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে এআই খাত যত বিস্তৃত হবে ততই পরিবেশ ও জ্বালানি নীতির সঙ্গে এর ভারসাম্য রক্ষা করা বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে।

এবি/টিএ

মন্তব্য করুন