© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আসছে সুপারইনটেলিজেন্স, নিয়ন্ত্রণ হারাতে পারে

শেয়ার করুন:
আসছে সুপারইনটেলিজেন্স, নিয়ন্ত্রণ হারাতে পারে

ছবি: সংগৃহীত

সাব্বির আহমেদ, মোজো এডিটর-ইন-চিফ, বাংলাদেশ টাইমস
০৮:৩২ পিএম | ২৭ নভেম্বর, ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাওয়া ‘সুপারইনটেলিজেন্স’ এখন কেবল সময়ের ব্যাপার মাত্র! এই প্রযুক্তির ওপর মানবজাতি অচিরেই নিয়ন্ত্রণ হারাতে পারে বলে কড়া সতর্কবার্তা দিয়েছেন প্রযুক্তি জায়ান্ট মেটার চিফ এআই অফিসার আলেকজান্ডার ওয়াং।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে ২৯ বছর বয়সী এই শীর্ষ নির্বাহী এ হুঁশিয়ারি দেন।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি এআই গবেষণা প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এক কর্মী দাবি করেন, তিনি তাদের ‘ক্লড’ এআই মডেল ব্যবহার করে গণিতের ইতিহাসে অন্যতম জটিল ও দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা ‘রিমান হাইপোথিসিস’ সমাধান করেছেন। ১৮৫৯ সালে প্রস্তাবিত এই গাণিতিক রহস্যের সমাধান দেড় শতাব্দীরও বেশি সময় ধরে বিশ্বের সেরা গণিতবিদদেরও অধরা ছিল।

এআই-এর এই অভাবনীয় সাফল্যের পরই নড়েচড়ে বসেন আলেকজান্ডার ওয়াং। তার মতে, নিখুঁত বুদ্ধিমত্তার বিচারে এআই-এর এই অর্জন মানুষের যেকোনো সাফল্যকে ছাপিয়ে গেছে।

সতর্কবার্তায় আলেকজান্ডার ওয়াং বলেন, নতুন প্রজন্মের এআই মডেলগুলো নিজেদের আরও উন্নত করার ক্ষেত্রে মানুষের চেয়ে অনেক এগিয়ে থাকবে। এর ফলে জীববিজ্ঞান, সমরাস্ত্র এবং অর্থনীতির মতো অত্যন্ত সংবেদনশীল ক্ষেত্রগুলোতে গবেষণার গতি বহুগুণ বেড়ে যাবে।

‘সুপারইনটেলিজেন্স আসছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী এক বছরে মানবজাতি কী পদক্ষেপ নেয়, তার ওপরই নির্ভর করছে ভবিষ্যতে আমরা কেমন পৃথিবীতে বসবাস করব।’

স্কেল এআই-এর সহ-প্রতিষ্ঠাতা এবং গত বছর মেটার প্রথম চিফ এআই অফিসার হিসেবে যোগ দেওয়া ওয়াংয়ের মতে, এআই যদি বাধাহীনভাবে নিজেই নিজেকে উন্নত করতে থাকে এবং প্রতিটি ক্ষেত্রে মানুষের চেয়ে এক হাজার গুণ বেশি বুদ্ধিমান হয়ে ওঠে, তবে মানবজাতির পক্ষে সেটিকে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে।

এআই নিরাপত্তা বিশেষজ্ঞরাও দীর্ঘদিন ধরে বলে আসছেন, মানুষের হস্তক্ষেপ ছাড়াই এআই যখন নিজেই নিজেকে উন্নত করার সক্ষমতা অর্জন করবে, সেটিই হবে প্রযুক্তির নিয়ন্ত্রণ হারানোর চূড়ান্ত সীমা।

আলেকজান্ডার ওয়াং মনে করেন, এআই-এর সক্ষমতা বাড়ানোর কারিগরি ও বৈজ্ঞানিক বাধাগুলো প্রায় কেটে গেছে। এখন সবচেয়ে জরুরি হলো এর নিরাপত্তা, মানুষের মূল্যবোধের সাথে সামঞ্জস্য এবং সুরক্ষাব্যবস্থা নিয়ে গভীরভাবে কাজ করা।

এআই-এর ভবিষ্যৎ ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে প্রযুক্তি নেতাদের মধ্যে তীব্র মতভেদ চলছে। অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই এবং ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান সুরক্ষাব্যবস্থা জোরদার করতে এআই-এর উন্নয়নের গতি কিছুটা কমানোর পক্ষে মত দিয়েছেন।

তবে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বরাবরই এআই নিয়ে আশাবাদী। তিনি উন্নয়নের গতি কমানোর প্রস্তাব নাকচ করে দিয়েছেন। গত আগস্টে প্রকাশিত এক নিবন্ধে জাকারবার্গ আক্ষেপ করে বলেছিলেন, এআই নিয়ে আলোচনায় অযথাই আতঙ্ক ছড়ানো হচ্ছে; বরং এই প্রযুক্তি মানুষের সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও স্বাধীনতা বাড়াবে।

আরআই/

মন্তব্য করুন