আশা ভোসলের বিপুল সম্পদের উত্তরাধিকার কে?
ছবি: সংগৃহীত
১১:৫৫ এএম | ১৩ এপ্রিল, ২০২৬
ভারতের কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলের জীবনাবসান হয়েছে। ৯২ বছর বয়সে এই সুরসম্রাজ্ঞী রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর পর এই বর্ষীয়ান শিল্পীর সম্পত্তির উত্তরাধিকার নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
ব্যক্তিগত জীবনে দুইবার বিয়ের পিঁড়িতে বসেন আশা ভোসলে। এর মধ্যে প্রথম স্বামী গনপৎ রাওয়ের সংসারে তিন সন্তান জন্ম দেন তিনি। সেই তিন সন্তান হলেন, বর্ষা ভোসলে, হেমন্ত ভোসলে এবং আনন্দ ভোসলে। এর মধ্যে ২০১২ সালে বর্ষা এবং ২০১৫ সালে হেমন্ত পরলোকগমন করেন। তাই বেঁচে থাকা একমাত্র সন্তান আনন্দ ভোসলেই তার সম্পত্তির প্রধান উত্তধারিকার।

১৯৮০ সালে কিংবদন্তি সংগীত পরিচালক রাহুল দেব বর্মণের সঙ্গে দ্বিতীয় বিবাহবন্ধনে আবদ্ধ হন আশা। তবে এই সংসারে তার কোনও সন্তান নেই। পারিবারিক ও সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মৃত্যুকালে আশা ভোসলে প্রায় আনুমানিক কয়েকশ কোটি টাকার সম্পত্তি রেখে গেছেন। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী তার সম্পদের পরিমাণ ২০০ থেকে ২৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭০ থেকে ৩৪০ কোটি টাকা)।
বলা হচ্ছে, এই বিপুল সম্পদ গড়ে উঠেছে মূলত তার দীর্ঘ সংগীতজীবন, লাইভ পারফরম্যান্স, আন্তর্জাতিক শো এবং বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে। ২০টিরও বেশি ভাষায় ১২ হাজারেরও বেশি গান গেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখানো এই শিল্পী আয়ের একটি বড় অংশ পেতেন গানের রয়্যালটি থেকে। এছাড়া দেশ-বিদেশের বিভিন্ন লাইভ শো ও ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকেও তার নিয়মিত আয় হতো।
আশা ভোসলের আর্থিক সাফল্যের বড় অংশ জুড়ে রয়েছে রিয়েল এস্টেট বিনিয়োগ। জানা যায়, মুম্বাই ও পুনেসহ একাধিক শহরে তার বিলাসবহুল সম্পত্তি আছে। সম্পত্তির তালিকায় ছিল অভিজাত আবাসন ও বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। পাশাপাশি ব্যবসার ক্ষেত্রেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি।
২০০২ সালে দুবাইয়ে শুরু হওয়া তার রেস্তোরাঁ চেইন 'আশা’জ' বর্তমানে কুয়েত, বাহরাইন ও যুক্তরাজ্যের বার্মিংহাম ও ম্যানচেস্টারসহ বিভিন্ন আন্তর্জাতিক শহরে ছড়িয়ে পড়েছে।
সূত্র: এবিপি নিউজ
পিআর/টিকে