অভিনেত্রী সোনমের জন্যই সম্পর্কে ভাঙন, মুখোমুখি তরুণী
ছবি: সংগৃহীত
০১:৪৬ পিএম | ১৩ এপ্রিল, ২০২৬
রূপালি দুনিয়ার তারকাদের প্রতি অন্ধ আকর্ষণ কখনও কখনও সাধারণ মানুষের ব্যক্তিগত জীবনে কীভাবে প্রভাব ফেলতে পারে, তারই এক চমকপ্রদ উদাহরণ সামনে আনলেন অভিনেত্রী সোনম বাজওয়া। এক টেলিভিশন অনুষ্ঠানে এসে তিনি এমন এক ঘটনার কথা শোনালেন, যেখানে তার নাম জড়িয়ে ভেঙে গিয়েছিল এক তরুণ-তরুণীর সম্পর্ক।
ফেমাসলি ফিট উইথ সোফি-এ সঞ্চালক সোফি চৌধুরী-র সঙ্গে আলাপচারিতায় সোনম জানান, একদিন হঠাৎ এক তরুণী তার সামনে এসে দাঁড়িয়ে বলেন তার জন্যই নাকি ওই তরুণীর বাগদান ভেঙে গেছে। প্রথমে বিষয়টি শুনে বিস্মিত হয়ে যান অভিনেত্রী।
পরে ওই তরুণীই বিস্তারিত ব্যাখ্যা দেন। তার অভিযোগ, প্রাক্তন প্রেমিক সবসময় তাকে সোনম বাজওয়ার মতো দেখতে হওয়ার চাপ দিতেন। মুখের আদল থেকে শুরু করে শরীরের গঠন সবকিছুতেই অভিনেত্রীর মতো হতে বলতেন। এমন অস্বাভাবিক প্রত্যাশা পূরণ করা সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন তিনি।

তবে গল্পের মোড় ঘুরে যায় এখানেই। ওই তরুণী জানান, বর্তমানে তিনি নতুন সম্পর্কে সুখী এবং নিজের মতো করেই জীবন কাটাচ্ছেন। এই কথা শুনে স্বস্তি পান সোনমও। বরং তিনি ওই তরুণীর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে শুভেচ্ছা জানান।
এই অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে সোনম বলেন, একজন তারকার প্রতি অতিরিক্ত মোহ কখনও কখনও বাস্তব সম্পর্ককে বিপর্যস্ত করে দিতে পারে। একজন মানুষকে তাঁর নিজস্ব সত্তা নিয়েই ভালোবাসা উচিত— এই বার্তাই যেন উঠে আসে তার কথায়।
মডেলিং থেকে অভিনয়ে আসা সোনম বাজওয়া ২০১২ সালে সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে আলোচনায় আসেন। এরপর পঞ্জাবি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করেন এবং বিভিন্ন ভাষার সিনেমায় কাজ করে নিজের অবস্থান শক্ত করেন।
পিআর/টিকে