© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মা হওয়ার অনুভূতি কখনো শেষ হয় না: স্বস্তিকা

শেয়ার করুন:
মা হওয়ার অনুভূতি কখনো শেষ হয় না: স্বস্তিকা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৬ পিএম | ১৩ এপ্রিল, ২০২৬
মেয়ের ছুটি শেষে আবার কাজে ফিরে যাওয়ার প্রস্তুতি। আর সেই মুহূর্ত ঘিরে মায়ের মনে যে অদ্ভুত শূন্যতা ও আবেগ তৈরি হয়, তা ফের প্রকাশ পেল অভিনেত্রী স্বস্তিকার এক গভীর আবেগঘন বার্তায়। বিদেশে পড়াশোনা শেষ করে বর্তমানে চাকরির সূত্রে বাইরে থাকেন তার কন্যা। কিছুদিনের জন্য শহরে এসে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ফের যাত্রার প্রস্তুতি নেওয়ার সময়েই ছড়িয়ে পড়ে সেই আবেগ।

মেয়ের বিদায়ের মুহূর্ত সবসময়ই স্বস্তিকার কাছে এক অদ্ভুত অনুভূতির নাম। তিনি লিখেছেন, ছোট্ট একটি হাত নেড়ে বিদায় জানানো, কিংবা ইশারায় জানানো পরে ফোন করবে এই সামান্য মুহূর্তের অপেক্ষাতেই যেন জমে থাকে পুরো ভালোবাসার গল্প। ব্যাগপত্র ঠিকঠাক আছে কি না, ইমিগ্রেশন ও নিরাপত্তা চেক শেষ হলো কি না এসব নিয়েই শেষ মুহূর্ত পর্যন্ত দুশ্চিন্তায় থাকেন তিনি।



স্বস্তিকার কথায়, সময়ের সঙ্গে সঙ্গে মেয়ে বড় হয়ে গেলেও মা-বাবার চোখে সন্তান কখনোই বড় হয় না। ছোট শহর থেকে বড় শহর, তারপর একা একা বিদেশে জীবন গড়ে তোলার পরও সেই একই টান থেকে যায়। তিনি জানান, নিজের ছোটবেলার স্মৃতিও ফিরে আসে এই সময়গুলোতে, যখন তাঁর নিজের মা একইভাবে চিন্তায় থাকতেন। তখন সেই অনুভূতির গভীরতা বোঝা না গেলেও আজ তিনি বুঝতে পারেন প্রতিটি শব্দের মানে।

তিনি আরও লেখেন, প্লেন উড়ার আগ পর্যন্ত দাঁড়িয়ে থাকা, বারবার জিজ্ঞেস করা সব ঠিক আছে তো, খেয়েছ তো, পৌঁছে মেসেজ দিস এসবই এক মায়ের অদৃশ্য ভালোবাসার ভাষা। কলকাতায় বসে এসব প্রশ্নের উত্তর হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু একজন মায়ের কাছে এগুলোই সবচেয়ে বড় শান্তি।

মেয়েকে আদর করে তিনি ডাকেন মম নামে। তার মতে, সন্তান দূরে থাকলেও ভালো থাকলেই মা-বাবার শান্তি থাকে। তবে সেই দূরত্বের মধ্যেই জমে থাকে এক গভীর অপেক্ষা, পরবর্তী দেখা কবে হবে সেই অনিশ্চিত সময়ের হিসাব।

সবশেষে তিনি লেখেন, মা হওয়ার অনুভূতি কখনো শেষ হয় না। যত দিন জীবন থাকে, তত দিন সন্তানের জন্য এই উদ্বেগ, ভালোবাসা আর অপেক্ষা চলতেই থাকে।

পিআর/টিকে

মন্তব্য করুন