বৈশাখের শুভেচ্ছা মার্কিন রাষ্ট্রদূতের, বললেন ‘ইলিশ খেতে ভালো লাগে’
ছবি: সংগৃহীত
০৩:৩৩ পিএম | ১৩ এপ্রিল, ২০২৬
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন।
সোমবার (১৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন তারা।
বৈঠক শেষে মন্ত্রীর দপ্তর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের নাগরিকদের নববর্ষের শুভেচ্ছা জানান মার্কিন রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত ক্রিস্টেনসন বলেন, আপনাদের শুভ নববর্ষ। ইলিশ মাছ খেতে আমার খুব ভালো লাগে।
খলিলুরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে, তা এখনো জানা যায়নি। তবে স্বাভাবিকভাবে তারা দুই দেশের দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করার কথা।
ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে, বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে রাজধানীর রমনার বটমূলে আয়োজিত ছায়ানটের ঐতিহ্যবাহী অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সূত্র জানায়, অনুষ্ঠান উপলক্ষ্যে রাষ্ট্রদূতের নিরাপত্তা জোরদার করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
সূত্র আরও জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের বৈশাখি শোভাযাত্রায় অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে পয়েলা বৈশাখের ঐতিহ্যবাহী শোভাযাত্রায় অংশ নিতে মার্কিন রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে।
আইকে/টিএ