আশা ভোঁসলের শেষ শ্রদ্ধায় তারকাদের ঢল, আবেগে ভাসলো মুম্বাই
ছবি: সংগৃহীত
০৬:২২ পিএম | ১৩ এপ্রিল, ২০২৬
৯২ বছর বয়সে রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় সংগীতজগতের কিংবদন্তী কণ্ঠশিল্পী আশা ভোঁসলে। সোমবার বিকেলে (বাংলাদেশ সময় সাড়ে ৪টা) মুম্বাইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এর আগে লোয়ার পারেলের বাসভবনে ‘অন্তিম দর্শন’-এ অংশ নিতে ভিড় করেন বলিউড তারকা, রাজনীতিক ও ক্রীড়াজগতের বিশিষ্ট ব্যক্তিরা।
শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন অভিনেত্রী টাবু, ক্রিকেট কিংবদন্তী শচীন টেন্ডুলকার ও তার স্ত্রী অঞ্জলি, অভিনেতা রীতেশ দেশমুখ, সংগীতশিল্পী এ আর রহমান, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্রসহ আরও অনেকে।
এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অভিনেত্রী টাবুকে দেখা যায় আশার নাতনি জানাই ভোঁসলেকে সান্ত্বনা দিতে। অন্যদিকে শচীন টেন্ডুলকারও গভীর শ্রদ্ধায় কিংবদন্তী এই শিল্পীকে শেষ বিদায় জানান।
এছাড়া শাবানা আজমি, জাভেদ আখতার, জ্যাকি শ্রফ, নীল নিতিন মুকেশসহ বহু তারকা শ্রদ্ধা জানান। হুইলচেয়ারে করে এসে শেষবারের মতো বোনকে বিদায় জানান তার বোন মীনা মঙ্গেশকর। সংগীতশিল্পী অনুরাধা পাড়োয়ালকেও দেখা যায় আবেগাপ্লুত হতে।

আশা ভোঁসলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো ভারতীয় চলচ্চিত্র ও সংগীতাঙ্গনে। সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন শাহরুখ খান, আলিয়া ভাট, অক্ষয় কুমার, সিদ্ধার্থ মালহোত্রাসহ আরও অনেকে।
তার প্রতি সম্মান জানিয়ে সাম্প্রতিক একটি আইপিএল ম্যাচেও এক মিনিট নীরবতা পালন করা হয় এবং খেলোয়াড়রা কালো ব্যাজ ধারণ করেন। এছাড়া সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল ও করণ আউজলা তাদের লাইভ কনসার্টে তাকে শ্রদ্ধা জানান।
প্রতিক্রিয়ায় অভিনেত্রী স্মৃতি ইরানি বলেন, আশার কণ্ঠ ছিল সময়ের ঊর্ধ্বে-যা প্রজন্মের পর প্রজন্মকে প্রভাবিত করেছে। অন্যদিকে সংগীতশিল্পী ঊষা উত্থুপ বলেন, তিনি ছিলেন আমাদের সময়ের সবচেয়ে বহুমাত্রিক ও আইকনিক শিল্পীদের একজন, যার গান আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে।
সাত দশকেরও বেশি দীর্ঘ ক্যারিয়ারে আশা ভোঁসলে ১২ হাজারের বেশি গান গেয়েছেন বিভিন্ন ভাষায়। ‘আভি না যাও ছোড় কর’, ‘ইন আঁখোঁ কি মস্তি’, ‘পিয়া তু আব তো আজা’, ‘ইয়ে মেরা দিল’সহ অসংখ্য কালজয়ী গানে তিনি অমর হয়ে থাকবেন।
প্রায় সবাই একবাক্যে স্বীকার করছেন, তাঁর চলে যাওয়া সংগীতজগতের জন্য এক অপূরণীয় ক্ষতি হলেও, তার রেখে যাওয়া সুর ও স্মৃতি চিরকাল বেঁচে থাকবে ভক্তদের হৃদয়ে।
এমআই/টিএ