পরিপক্বতা না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয় : অপু বিশ্বাস
ছবি: সংগৃহীত
০৮:২১ পিএম | ১৩ এপ্রিল, ২০২৬
সাময়িক বিরতির পর নতুন কয়েকটি সিনেমার প্রস্তুতি হিসেবে ওজন কমিয়ে ভিন্ন লুকে হাজির হয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। নতুন এই উপস্থিতিতে ইতোমধ্যে দর্শকদের নজর কেড়েছেন তিনি।
দীর্ঘ ক্যারিয়ারে নানা চড়াই-উতরাই পেরোনো এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও পেশাগত অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন। সেখানে বিয়েকে জীবনের টার্নিং পয়েন্ট হিসেবে দেখেন না বলে মন্তব্য করেন তিনি।
২০০৮ সালের ১৮ এপ্রিল ঢালিউডের মেগাস্টার শাকিব খানকে বিয়ে করেন অপু বিশ্বাস। তবে দীর্ঘ সময় বিষয়টি গোপন রাখার পর ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন অনুষ্ঠানে এসে তিনি বিয়ের বিষয়টি প্রকাশ করেন। পরবর্তীতে ২০১৮ সালের ১২ মার্চ আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এই দম্পতির এক পুত্রসন্তান রয়েছে।
সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করা হলে অপু বিশ্বাস বলেন, বিয়ে কেন টার্নিং পয়েন্ট হবে? ওটা আসলে ভুল সিদ্ধান্ত ছিল। খুব অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ে করাটা আমার জীবনের ভুল ছিল। নিজের অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, পরিপক্বতা না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
ভবিষ্যতে নতুন করে সংসার শুরু করার পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নের জবাবে সরাসরি কিছু বলেননি তিনি। বিষয়টি নিয়ে আপাতত মন্তব্য করতে চান না বলেও জানান এই অভিনেত্রী।
এদিকে, গেল ঈদুল ফিতরে মুক্তির কথা থাকলেও তার অভিনীত ‘দুর্বার’ সিনেমাটি শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহে আসেনি। তবে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে তার নতুন সিনেমা ‘সিক্রেট’ মুক্তি পেতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু জানাননি অপু বিশ্বাস।
এসএ/টিএ