কুষ্টিয়া-খুলনা মহাসড়ক সংস্কারের আশ্বাস শিক্ষামন্ত্রীর
ছবি: সংগৃহীত
০৩:৪৩ এএম | ১৪ এপ্রিল, ২০২৬
কুষ্টিয়া-খুলনা মহাসড়ক সংস্কারের দাবি পূরণ করার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সোমবার (১৩ এপ্রিল) রাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার শেষে ঢাকা ফেরার পথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রতিনিধি দল ও ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন শাখা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, এখন ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমি আগেও এসেছি এবং আগামীতেও আসবো। আপনাদের সুখ দুঃখের সাথী হবো।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য নূর উদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীরা কুষ্টিয়া-খুলনা মহাসড়কের বেহাল দশা তুলে ধরে দ্রুত সংস্কারের দাবি জানান। তাদের দাবির প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী এই মহাসড়কটি সংস্কারের পক্ষে সম্মতি জানান।
জানা গেছে, এদিন দুপুরে যশোর পিটিআই মিলনায়তনে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে খুলনা বিভাগের ১০ জেলার কেন্দ্রসচিবদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন শিক্ষামন্ত্রী।
এসকে/টিএ