তাহসিফের বান্ধবী দিশা ‘অত্যন্ত চতুর প্রকৃতির’, শুনানিতে রাষ্ট্রপক্ষ
ছবি: সংগৃহীত
১০:৫৩ পিএম | ০৪ নভেম্বর, ২০২৬
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় নতুন নতুন তথ্য সামনে আসছে। এ ঘটনায় গ্রেপ্তার তার বান্ধবী জেরিকা তাসনিম দিশাকে প্রথম দফায় চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হলেও তদন্তে এখনো কাটেনি রহস্যের জট। তদন্ত কর্মকর্তার দাবি, জিজ্ঞাসাবাদে দিশা গুরুত্বপূর্ণ তথ্য দিলেও একাধিক প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে গেছেন তিনি। এমনকি নীরবতাও পালন করেছেন। এ কারণে তাকে ‘অত্যন্ত চতুর প্রকৃতির’ উল্লেখ করে ফের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তার আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
বুধবার (৪ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালত এ আদেশ দেন।
এদিন প্রথম দফার চার দিনের রিমান্ড শেষে জেরিকা তাসনিম দিশাকে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন আদালতকে জানান, প্রথম দফার রিমান্ডে জিজ্ঞাসাবাদে দিশা মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের স্বার্থে তাকে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এজন্য তদন্ত কর্মকর্তা দিশার সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ড মঞ্জুরের জোর দাবি জানানো হয়। অন্যদিকে আসামিপক্ষ তার জামিন আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দিশার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন।
এমআর/