নতুন বছরের প্রথম দিনে কেমন থাকবে ঢাকার আবহাওয়া?
ছবি: সংগৃহীত
০৪:১৪ এএম | ১৪ এপ্রিল, ২০২৬
নতুন বছরের প্রথম দিনে ভোরের আকাশে মেঘের আনাগোনা থাকলেও গরমের দাপট অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পহেলা বৈশাখ, মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, বৈশাখের প্রথম দিন মঙ্গলবার ভোরে ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এটি তাপমাত্রায় খুব একটা পরিবর্তন আনবে না। দিনভর ঢাকার আবহাওয়া প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা মঙ্গলবারও প্রায় একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। ফলে নগরবাসীকে ভ্যাপসা গরমের অস্বস্তি মোকাবিলা করতে হতে পারে।
এদিকে, দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহের সতর্কতা অব্যাহত রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে ফরিদপুর, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলাসহ পুরো খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতি আপাতত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
বৈশাখী উৎসব ও নানা আয়োজনে বাইরে বের হওয়ার সময় নগরবাসীকে গরমের কথা মাথায় রেখে প্রস্তুতি নিতে অনুরোধ জানিয়েছেন আবহাওয়াবিদরা। অতিরিক্ত রোদ এড়িয়ে পর্যাপ্ত পানি ও পানীয় গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
এসকে/টিএ