বগুড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে কলেজছাত্রী
ছবি: সংগৃহীত
০৪:২৯ এএম | ১৪ এপ্রিল, ২০২৬
বগুড়ার শাজাহানপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক কলেজছাত্রী। এ সময় তার হাতে একটি বিষের বোতল দেখা যায়, যা ঘিরে এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের জামালপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বারোআঞ্জুলী গ্রামের মৃত আমিনুল ইসলামের মেয়ে রিমি খাতুনের সঙ্গে প্রায় এক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় একই এলাকার সিয়াম সাহেদের। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
অভিযোগ রয়েছে, বিয়ের আশ্বাস দিয়ে রিমির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন সিয়াম। তবে বিয়ের প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন। এতে ক্ষুব্ধ হয়ে রিমি খাতুন প্রেমিকের বাড়ির সামনে অনশনে বসেন।
একপর্যায়ে স্থানীয়রা তাকে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিবারের সদস্যরা তাকে গ্রহণ করেননি বলে জানা যায়। পরে তিনি আবারও প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন। এ সময় তার হাতে একটি বিষের বোতল দেখা যায়।
রিমি খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমাকে বিয়ে না করলে আমি এখানেই আত্মহত্যা করবো। এই জন্য আমি সাথে বিষের বোতল নিয়ে এসেছি।
তিনি আরও বলেন, আমি ৯৯৯ কল করেও কোন সহযোগিতা পাইনি। বাবা-মা বাড়িতে তুলবে না, আমি কই যাবো, নিয়ে না করলে এখানেই মরবো।
স্থানীয় সাবেক মেম্বার মো. আজিজুল ইসলাম বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। আমরা দুই পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি, তবে কেউ সাড়া দিচ্ছে না। স্থানীয় লোকজন মেয়েটিকে পাহাড়া দিচ্ছে, যদি কোন অঘটন ঘটে এই দায়ভার কে নেবে? আমরা এর সমাধান চাই।
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, আমি স্থানীয় লোকজনের মাধ্যমে শুনেছি, তবে মেয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ করেনি। মেয়েটি লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসকে/টিএ