জামালপুরে ইয়াবাসহ আটক ২
ছবি: সংগৃহীত
০৫:১৯ এএম | ১৪ এপ্রিল, ২০২৬
জামালপুরের মেলান্দহ উপজেলায় ৩ হাজার ৬০০টি ইয়াবাসহ মো. আল আমিন শিলু (৪২) নামে এক যুবদল নেতা ও তার এক সহযোগীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার হাজরাবাড়ি পৌর এলাকার ব্রাহ্মণপাড়া থেকে তাদের আটক করা হয়।
আটক আল আমিন শিলু উপজেলার আদ্রা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। আটক অন্য ব্যক্তির নাম আইয়ুব আলী (৪৮)। তিনি ব্রাহ্মণপাড়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে হাজরাবাড়ি পৌরসভার ব্রাহ্মণপাড়া এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। অভিযানে আল আমিন ও আইয়ুব আলীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৬০০ পিস ইয়াবা, নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা এবং দুটি মুঠোফোন উদ্ধার করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. খসরুল আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ দুজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মেলান্দহ উপজেলা যুবদলের আহ্বায়ক মনোয়ার হোসেন মনু বলেন, বিষয়টি আমরা শুনেছি। আল আমিন শিলুকে দল থেকে বহিষ্কারের প্রক্রিয়া চলছে। কোনো নেতা-কর্মীর বিরুদ্ধে মাদক বা অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সাংগঠনিকভাবে কোনো ছাড় দেয়া হবে না।
এসকে/টিএ