আশা ভোঁসলের শোকের আবহে বলিউডে বাতিল হয়েছে একগুচ্ছ কর্মসূচী
ছবি: সংগৃহীত
০৬:৪৩ এএম | ১৪ এপ্রিল, ২০২৬
কেউ সিনেমার প্রচারানুষ্ঠান বন্ধ রেখেছেন, তো কেউ বা আবার বহু প্রতীক্ষিত ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আনার দিনক্ষণ বদেলেছেন। আশা ভোঁসলের প্রয়াণে (Asha Bhosle Death) স্তব্ধ মায়ানগরীর লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া। রবিবার থেকেই সিনেপাড়ায় শোকের আবহ। সপ্তাহের প্রথম দিন যেখানে সেলেবপাড়ার ব্যস্ততা তুঙ্গে থাকে, সেখানে সোমবার সকাল থেকে কিংবদন্তি শিল্পীকে শ্রদ্ধা জানাতে মুম্বাইয়ের লোয়ার প্যারেলে ভিড় জমাতে শুরু করেছিলেন তারকামহল। এমন শোকের আবহে বলিপাড়ায় বাতিল হয়েছে একগুচ্ছ কর্মসূচীও। কেউ সিনেমার প্রচারানুষ্ঠান বন্ধ রেখেছেন, তো কেউ বা আবার বহু প্রতীক্ষিত ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আনার দিনক্ষণ বদেলেছেন।
সোমবার ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ সিনেমার প্রথম ঝলক প্রকাশ্যে আনার কথা ছিল বরুণ ধাওয়ানের। যে ছবিতে অভিনয় করেছেন পূজা হেগড়ে এবং ম্রুণাল ঠাকুর-সহ আরও অনেকে। কিন্তু আশা ভোঁসলের প্রয়াণে শোকের আবহে সেই অনুষ্ঠান করতে মন সায় দেয়নি নির্মাতাদের।

তাই ১৩ এপ্রিলের অনুষ্ঠান বাতিল করে এক বিবৃতিতে নির্মাতাদের তরফে জানানো হয়, “কিংবদন্তি আশা ভোঁসলের প্রয়াণে আমরা থমকে গিয়েছি! যে কণ্ঠস্বর যা প্রজন্মের পর প্রজন্ম ধরে সঙ্গীতজগৎকে এক অনন্য রূপ দিয়েছে, আজ তাঁকেই স্মরণ করছি আমরা। এমতাবস্থায় কিংবদন্তি শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে আমাদের প্রথম ঝলক উন্মোচনের অনুষ্ঠান বাতিল করা হল। তবে আগামীকাল মঙ্গলবার ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এর ‘ফার্স্ট লুক’ প্রকাশ করা হবে। এই কঠিন সময়ে আশাজির অগণিত অনুরাগী ও তাঁর পরিবারের সদস্যদের ঈশ্বর যেন মানসিক শক্তি দেন, ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই জানাচ্ছি। আশা ভোঁসলের বিদেহী আত্মা চিরশান্তি লাভ করুক।” বরুণ ধাওয়ানের পাশাপাশি করণ জোহরও তাঁর আসন্ন সিনেমার পয়লা গান উন্মোচন থেকে বিরত থেকেছেন।
আরআই/টিএ