© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কঠিন সময়ে আশা ভোসলের নাতনির পাশে মোহাম্মদ সিরাজ!

শেয়ার করুন:
কঠিন সময়ে আশা ভোসলের নাতনির পাশে মোহাম্মদ সিরাজ!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৬ এএম | ১৪ এপ্রিল, ২০২৬
ভারতের সংগীত জগতে যেন হঠাৎই নেমে এসেছে শোকের ছায়া। কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলের প্রয়াণে স্তব্ধ পুরো উপমহাদেশ। ৯২ বছর বয়সে তার বিদায়ে সোমবার মুম্বাইয়ের লোয়ার প্যারেলের বাসভবন ‘কাসা গ্রান্দে’-তে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ভিড় জমায় বিভিন্ন অঙ্গনের মানুষ। সেই আবেগঘন পরিবেশেই আলোচনায় উঠে এল এক মর্মস্পর্শী মুহূর্ত।

শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট তারকা মোহাম্মদ সিরাজ। ভিড়ের মধ্যেই তিনি খুঁজছিলেন প্রয়াত শিল্পীর নাতনি জানাই ভোসলেকে। দেখা হওয়া মাত্রই নিজেকে সামলে রাখতে পারেননি জানাই। কান্নায় ভেঙে পড়ে তিনি সিরাজকে জড়িয়ে ধরেন, মাথা রাখেন তার বুকে। চারপাশের শোকাবহ পরিবেশে এই দৃশ্য আরও আবেগঘন হয়ে ওঠে।



কঠিন সেই মুহূর্তে জ়ানাইকে সামলে নিতে দেখা যায় সিরাজকে। নীরবে পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন তিনি। উপস্থিত অনেকেই এই দৃশ্য প্রত্যক্ষ করেন, আর অল্প সময়ের মধ্যেই তা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। মুহূর্তটি যেন স্পর্শ করে যায় অগণিত মানুষের হৃদয়।

এদিন শুধু জানাই নন, প্রয়াত শিল্পীর বিদায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আরও অনেকেই। ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারকেও দেখা যায় চোখের জল সামলাতে না পেরে ভেঙে পড়তে।

এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে সিরাজ ও জানাইকে। এমনকি জানাইয়ের জন্মদিনের আয়োজনে উপস্থিত ছিলেন এই ক্রিকেটার। সেই সূত্রে একসময় তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা ছড়ালেও পরে জ়ানাই নিজেই জানান, তাদের সম্পর্ক ভাই-বোনের মতো। ২০২৫ সালে সিরাজকে রাখি পরানোর ঘটনাও সেই সম্পর্কেরই প্রমাণ দেয়।

তবুও সোমবারের এই মুহূর্ত যেন নতুন করে সামনে এনে দিল তাদের আন্তরিকতার গভীরতা। শোকের আবহে দাঁড়িয়ে একে অপরের পাশে থাকার এই ছবি হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু।


পিআর/টিকে

মন্তব্য করুন