© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জিৎকে নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন অভিনেতা

শেয়ার করুন:
জিৎকে নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন অভিনেতা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৭ এএম | ১৪ এপ্রিল, ২০২৬
টলিউডের জনপ্রিয় অভিনেতা জিৎকে ঘিরে হঠাৎই দানা বাঁধল রাজনৈতিক বিতর্ক। যে মানুষটিকে সাধারণত রাজনীতির ময়দানে দেখা যায় না, যিনি নিজেকে সবসময় এই পরিসর থেকে দূরে রেখেছেন, তাকেই নিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন।

ঘটনার সূত্রপাত একটি ভাইরাল পোস্টকে কেন্দ্র করে। সেই পোস্টে জিতের মুখে বসানো হয় একাধিক রাজনৈতিক মন্তব্য, যা দ্রুত ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। মুহূর্তের মধ্যেই তা নিয়ে শুরু হয় তুমুল আলোচনা, তৈরি হয় বিভ্রান্তি। অনেকে সেই বক্তব্যকে সত্যি বলেই ধরে নিতে শুরু করেন।



তবে বিষয়টি নিয়ে নীরব থাকেননি অভিনেতা। অবশেষে নিজের অবস্থান স্পষ্ট করে মুখ খুললেন জিৎ। এক বিবৃতিতে তিনি জানান, ওই ধরনের কোনও মন্তব্য তিনি করেননি এবং ভবিষ্যতেও কোনও রাজনৈতিক প্রচারের সঙ্গে যুক্ত হওয়ার কোনও ইচ্ছা তার নেই।

তিনি আরও স্পষ্ট করে দেন, কোনও রাজনৈতিক দলের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। কখনও কারও হয়ে প্রচার করেননি, ভবিষ্যতেও করবেন না এ কথাও জোর দিয়ে বলেন অভিনেতা। সাম্প্রতিক এই গুঞ্জনকে তিনি গুজব হিসেবেই দেখছেন এবং তা গুরুত্ব দিতে নারাজ।



অনুরাগীদের উদ্দেশে জিতের বিশেষ আবেদনও নজর কেড়েছে। তিনি অনুরোধ করেছেন, যাচাই না করে যেন কেউ কোনও তথ্য ছড়িয়ে না দেন। মিথ্যা খবর প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর এই বার্তা যেন শুধু নিজের অবস্থান পরিষ্কার করাই নয়, বরং সামাজিক মাধ্যমের দায়িত্বশীল ব্যবহারেরও এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠেছে।

সবশেষে ভক্তদের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান জিৎ। এক পোস্টেই তিনি বিতর্কের জবাব দিয়ে স্পষ্ট করে দিলেন নিজের অবস্থান, যা ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

পিআর/টিকে

মন্তব্য করুন